চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন মাত্র ছয় মাসে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে অন্তত ৬০ হাজার নাবালিকা সন্তানের জন্ম দিয়েছে। সম্প্রতি নবান্নে স্বাস্থ্য দপ্তরের এই চাঞ্চল্যকর ও ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সন্তানধারণের নিরিখে পশ্চিমবঙ্গ বর্তমানে দেশে শীর্ষে রয়েছে জানিয়ে তিনি সরাসরি পূর্বতন তৃণমূল সরকারকেই নিশানা করেছেন। মুখ্যমন্ত্রী জানান, অনলাইন জন্ম নথিভুক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে যে তথ্য সামনে এসেছে, তা রীতিমতো আতঙ্কের। এই ৬০ হাজার প্রাতিষ্ঠানিক প্রসবের (ইনস্টিটিউশনাল ডেলিভারি) মধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সি কিশোরীর সংখ্যা প্রচুর। এমনকি ১০ থেকে ১৩ বছর বয়সি নাবালিকা মা হওয়ার ঘটনাও নথিভুক্ত হয়েছে। প্রাতিষ্ঠানিক প্রসবের বাইরে থাকা ঘটনার হিসাব ধরলে প্রকৃত সংখ্যাটা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Minor Mother West Bengal)।
স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, নাবালিকা প্রসবের তালিকায় রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ এবং দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। গত ছয় মাসে মুর্শিদাবাদে মোট ১২,৮৫৫টি (অপর একটি পরিসংখ্যানে ১২,৮৪৭) নাবালিকা প্রসবের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে গ্রামীণ এলাকায় ১২,৫৮৫টি এবং শহরাঞ্চলে ২৬৫টি। এখানে ১০–১৩ বছর বয়সি ২৮ জন, ১৩–১৫ বছর বয়সি ৮১৭ জন এবং ১৫–১৮ বছর বয়সি ৬,৫২৭ জন কিশোরী মা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনায় মোট ৪,১৭৮টি ঘটনার মধ্যে গ্রামীণ এলাকায় ৪,০৬৩টি এবং শহরাঞ্চলে ১১৫টি প্রসব হয়েছে। এর মধ্যে ১০–১৩ বছর বয়সি ৫ জন, ১৩–১৫ বছর বয়সি ২৪৪ জন এবং ১৫–১৮ বছর বয়সি ১,৯৬৯ জন নাবালিকা রয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ দিনাজপুরের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ১৫ থেকে ১৭ বছর বয়সি নাবালিকা মায়েদের ৫৩ শতাংশই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের (Minor Mother West Bengal)।
পরিস্থিতি সামাল দিতে রাজ্যজুড়ে পুলিশ ও প্রশাসনের সাঁড়াশি অভিযানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গত এক মাসে পুলিশ হাজারখানেক বাল্যবিবাহ আটকেছে এবং মহিষাদল ও সামসেরগঞ্জে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১৮ বছরের কম বয়সি মেয়েরা সন্তানের জন্ম দিলে তাদের স্বামীদের বিরুদ্ধে সরকার স্বতঃপ্রবৃত্ত হয়ে পকসো এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা করবে। স্বাস্থ্য দপ্তরের তরফে তাদের শোকজ নোটিশ পাঠিয়ে এক মাসের মধ্যে পাত্র-পাত্রীর আইনি বয়সের প্রমাণ চাওয়া হবে। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড বা যাবজ্জীবন সাজা হতে পারে। বাস্তব সমস্যার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “অভিযুক্তের সংখ্যা এতই বেশি যে আমাদের রাজ্যে অত বড় জেলও নেই। তবুও এ সব থামাতে হবে।” পাশাপাশি বাল্যবিবাহ আইন, ২০০৬-এর ১০ ও ১১ নম্বর ধারা মনে করিয়ে দিয়ে তিনি জানান, বিয়েতে সহায়তা করলে পুরোহিত বা কাজিদেরও দু’বছরের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা হবে এবং ছাড় পাবেন না অভিভাবকেরাও। এমনকি যে পরিবারগুলি নাবালিকা বিয়ে দেবে, তাদের সমস্ত রকম সরকারি প্রকল্প ও সামাজিক ভাতা বন্ধ করে দেওয়া হবে (Minor Mother West Bengal)।
কেবল আইনি পদক্ষেপই নয়, দারিদ্র্য ও স্কুলছুট রুখে বাল্যবিবাহ বন্ধ করতে আর্থিক সহায়তার ঘোষণাও করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী জানান, আগামী জানুয়ারিতে ‘সিস্টার নিবেদিতা’ নামে একটি নতুন প্রকল্প চালু করা হবে। এর মাধ্যমে স্নাতক স্তরে (গ্র্যাজুয়েশন) পাঠরত ছাত্রীদের তিন বছরে মোট ৫০ হাজার টাকা দেওয়া হবে—প্রথম ও দ্বিতীয় বর্ষে ১৭ হাজার টাকা করে এবং তৃতীয় বর্ষে ১৬ হাজার টাকা। ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষ পড়ুয়া এই প্রকল্পের আওতায় আসতে চলেছে।
এদিকে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অকাল-মাতৃত্ব কেবল একটি স্বাস্থ্য সমস্যা নয়, এর শিকড় লুকিয়ে আছে দারিদ্র্য, স্কুলছুট ও সামাজিক অসচেতনতার মধ্যে। কম বয়সে গর্ভধারণে প্রসূতির রক্তাল্পতা, উচ্চ রক্তচাপ, প্রসবকালীন জটিলতা এবং কম ওজনের অপরিণত শিশু জন্মানোর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। পড়াশোনা মাঝপথে থেমে যাওয়ায় এই কিশোরীরা আজীবন আর্থিক নির্ভরতা ও অপুষ্টির দুষ্টচক্রে বন্দি হয়ে পড়ে। তাই প্রশাসনিক কড়াকড়ির পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।













