মহাকাশযানে চড়ার আগে অনেক প্রস্তুতি নিতে হয়। প্রশিক্ষণ, বৈজ্ঞানিক পরীক্ষা, শারীরিক সক্ষমতা—আরও কত কী। ভাবুন তো, পৃথিবীর মাধ্যাকর্ষণ পেরিয়ে মহাকাশে পাড়ি দিয়েছেন। চারপাশে শুধুই মহাকাশ, ভাসমান অবস্থায় কাটছে দিন। কিন্তু এত কিছুর মাঝেও একটা প্রশ্ন থেকেই যায়, মহাকাশে গিয়ে খাবেন কী? কারণ পেট তো আর মাধ্যাকর্ষণের নিয়ম মানে না। (Pakistan Astronaut Space Food) এক্ষেত্রে কোনও আপস করতে রাজি নয় চিন। বিশ্বব্যাপী জনপ্রিয় বাটার চিকেন, বিফ নিহারি, ল্যাম্ব কোর্মা থেকে ছোলে—সবই এখন মহাকাশের মেনুতে। সৌজন্যে পাকিস্তানের প্রথম মহাকাশচারী মুহাম্মদ জিশান আলি। তাঁর জন্য একেবারে ঘরের স্বাদের হালাল খাবারের আয়োজন করেছে চিন। অর্থাৎ, মহাকাশেও এখন জমজমাট দক্ষিণ এশীয় খানাপিনা।
মহাকাশে পাকিস্তানি স্বাদের ছোঁয়া
বুধবার চিনের শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে তিয়াংগং স্পেস স্টেশনে পৌঁছন মুহাম্মদ জিশান আলি। তাঁর সঙ্গে ছিলেন চিনা মহাকাশচারী তাং হংবো এবং উ ই। চিনের মহাকাশ স্টেশনে পা রাখা প্রথম বিদেশি মহাকাশচারী আলি। তাঁদের স্বাগত জানান আগে থেকেই স্টেশনে থাকা তিন মহাকাশচারী। ফলে সাময়িকভাবে তিয়াংগংয়ে মহাকাশচারীর সংখ্যা দাঁড়ায় ছয়।
মেনুতে সাত রকম পাকিস্তানি পদ
(Pakistan Astronaut Space Food) আলির খাদ্যাভ্যাসের কথা মাথায় রেখে চিনের অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার তৈরি করেছে সাত ধরনের পাকিস্তানি খাবার। মেনুতে রয়েছে বাটার চিকেন, বিফ নিহারি, ল্যাম্ব কোর্মা এবং কারি ছোলে। খাবারগুলি তৈরির ক্ষেত্রে হালাল নিয়ম মেনে চলা হয়েছে। (Pakistan Astronaut Space Food) হলুদ ও কারির মতো মশলার প্রতি আলির পছন্দকেও গুরুত্ব দিয়েছেন গবেষকরা। মহাকাশচারীদের পুষ্টির চাহিদা বজায় রেখেই বারবার পরীক্ষা ও পরিমার্জনের পর চূড়ান্ত হয়েছে এই পদগুলি।
চা-প্রেমেও বদল
মজার বিষয়, প্রথমে আলির জন্য পাকিস্তানি মশলাদার দুধ চায়ের ব্যবস্থা করার পরিকল্পনা ছিল। কিন্তু চিনে প্রশিক্ষণের সময় তাঁর পছন্দ বদলে যায়। চিনা ব্ল্যাক টি ও ভাতের প্রতি তাঁর আগ্রহ দেখে সেই দু’টিও মহাকাশযাত্রার খাবারের তালিকায় যোগ করা হয়েছে। (Pakistan Astronaut Space Food) ছয় মহাকাশচারীর জন্য বিশেষ নৈশভোজেরও পরিকল্পনা করা হয়েছিল।
মহাকাশে কবিতার পঙ্ক্তি, সঙ্গে বিজ্ঞানের পরীক্ষা
মহাকাশ স্টেশনে পৌঁছে সতীর্থদের সামনে পাকিস্তানের কবি আল্লামা মহম্মদ ইকবালের একটি কবিতার পঙ্ক্তি আবৃত্তি করেন আলি। পরে সেটির অনুবাদও করে শোনান। তাঁর কথায়, “আমি উত্তেজিত।” আরও বলেন, “শৈশবের একটি স্বপ্ন অবশেষে সত্যি হলো।”
(Pakistan Astronaut Space Food) তবে খাওয়াদাওয়ার পাশাপাশি আলির মূল দায়িত্ব বৈজ্ঞানিক গবেষণা। পাকিস্তানের জীবনবিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের একাধিক পরীক্ষা করবেন তিনি। এর মধ্যে রয়েছে মাইক্রোগ্র্যাভিটিতে সায়ানোব্যাকটেরিয়ার বৃদ্ধি ও কার্বন ডাই-অক্সাইড শোষণ, মহাকাশের পরিবেশে কুইনোয়া বীজের সহনশীলতা, গ্রাফিন-ভিত্তিক কম্পোজিটের সুরক্ষা এবং স্ব-মেরামতকারী কার্বন-ফাইবার কম্পোজিটের কার্যকারিতা পরীক্ষা।
অর্থাৎ, মহাকাশে একদিকে চলছে বিজ্ঞানের কঠিন পরীক্ষা, অন্যদিকে পাতে দক্ষিণ এশিয়ার চেনা স্বাদ। (Pakistan Astronaut Space Food) পৃথিবী থেকে কয়েকশো কিলোমিটার দূরেও যে খাবারের টান অটুট, পাকিস্তানি নভোশ্চরের মহাকাশযাত্রা যেন তারই প্রমাণ।













