ইন্টারনেটের দুনিয়ায় একের পর এক সাইবার হামলার ঘটনা সামনে আসছে। (1Password Data Breach) ব্যক্তিগত তথ্য থেকে ব্যাঙ্কের নথি-সবকিছু সুরক্ষিত রাখতে মানুষ এখন বিভিন্ন পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপের উপর নির্ভর করেন। মোটা টাকা দিয়ে সাবস্ক্রিপশনও কেনেন অনেকে। কিন্তু যে অ্যাপের উপর ভরসা করে নিজের সমস্ত পাসওয়ার্ড সুরক্ষিত রাখছেন, সেই অ্যাপই যদি সাইবার হামলার শিকার হয়, তা হলে নিরাপত্তার নিশ্চয়তা ঠিক কতটা?
(1Password Data Breach) এবার জনপ্রিয় পাসওয়ার্ড ম্যানেজার 1Password-এ সাইবার হানার ঘটনায় ফাঁস হল গ্রাহকদের নাম ও ইমেল ঠিকানা। যদিও সংস্থার দাবি, গ্রাহকদের ভল্টে থাকা পাসওয়ার্ড সুরক্ষিত রয়েছে। কিন্তু এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিল, নেট দুনিয়ায় নিরাপত্তা কি সত্যিই সোনার পাথরবাটি?
Table of Contents
কীভাবে 1Password-এর সিস্টেমে ঢুকল হ্যাকার?
(1Password Data Breach) সংস্থার তরফে জানানো হয়েছে, গত ১৯ নভেম্বর প্রথম এই সাইবার হামলার বিষয়টি নজরে আসে। এক কর্মীর কর্পোরেট GitHub অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেয়ে যায় হ্যাকার। সেই অ্যাকাউন্ট ব্যবহার করে 1Password-এর একাধিক প্রাইভেট রিপোজিটরি থেকে সোর্স কোড কপি করা হয়। পাশাপাশি সংস্থার অভ্যন্তরীণ সার্ভারে ক্ষতিকর কোড ঢুকিয়ে গ্রাহকদের তথ্য ডাউনলোড করে সাইবার হামলাকারী। সংস্থার CI/CD সিস্টেমেও অ্যাকসেস পায় হ্যাকার। সেখানে প্রযুক্তিগত পরিকাঠামোর গুরুত্বপূর্ণ সিক্রেটস সংরক্ষিত থাকে। তবে প্রথম কীভাবে ওই কর্মীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
ঠিক কোন কোন তথ্য ফাঁস হয়েছে?
1Password-এর দাবি, নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের অ্যাকাউন্ট সংক্রান্ত সাধারণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকার। এর মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, ইমেল ঠিকানা, অ্যাকাউন্ট ও ইউজার আইডি, অ্যাকাউন্ট তৈরির তারিখ এবং শেষবার সাইন ইন করার সময়। পাশাপাশি ফাঁস হওয়া তথ্যের তালিকায় রয়েছে পাবলিক কি (Public Keys), কিছু লগইন প্রোটোকল সংক্রান্ত তথ্য, অভ্যন্তরীণ মেটাডেটা এবং কয়েকটি ইনভাইটেশন, প্রভিশনিং ও অ্যাকাউন্ট রিকভারি ইমেলের টোকেন। তবে সংস্থার দাবি, এই তথ্যগুলি গ্রাহকদের ভল্টের পাসওয়ার্ড ডিক্রিপ্ট করার জন্য যথেষ্ট নয়। (1Password Data Breach)
হামলার পর কী ব্যবস্থা নিল সংস্থা?
(1Password Data Breach) ঘটনার পরই সংশ্লিষ্ট GitHub অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে 1Password। ফাঁস হয়ে থাকতে পারে এমন অভ্যন্তরীণ ক্রেডেনশিয়ালগুলিও পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত এবং সংস্থার প্রতিক্রিয়া পর্যালোচনার জন্য স্বাধীন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদেরও নিয়োগ করা হয়েছে। ফিশিংয়ের আশঙ্কা মাথায় রেখে ইমেল ভেরিফিকেশন কোডও ছয় সংখ্যার পরিবর্তে ১০টি অক্ষর ও সংখ্যার করা হয়েছে।
আপনার পাসওয়ার্ড কী সত্যিই সুরক্ষিত?
1Password-এর বক্তব্য, গ্রাহকদের ভল্টে থাকা পাসওয়ার্ড বা অন্য সংরক্ষিত তথ্য হাতিয়ে নিতে পারেনি হ্যাকার। কারণ, সংস্থা গ্রাহকদের অ্যাকাউন্ট পাসওয়ার্ড এবং Secret Key নিজেদের কাছে সংরক্ষণ করে না। এই দু’টি তথ্যই ভল্টের তথ্য এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার জন্য প্রয়োজনীয়। ফলে সংস্থার সার্ভারে অনুপ্রবেশ করলেও সরাসরি গ্রাহকদের ভল্টের ভিতরের তথ্য পড়া সম্ভব হয়নি বলে দাবি। (1Password Data Breach) তবে ঠিক কতজন গ্রাহক এই ঘটনায় প্রভাবিত হয়েছেন, তা এখনও জানা যায়নি। আপাতত সবচেয়ে বড় আশঙ্কা, ফাঁস হওয়া নাম ও ইমেল ঠিকানা ব্যবহার করে ভবিষ্যতে গ্রাহকদের নিশানা করতে পারে সাইবার অপরাধীরা।














