চিকিৎসকদের পরামর্শে বদলে গেল সিদ্ধান্ত। ওজন কমানোর জন্য একসময় বিশেষ ডায়েট শুরু হয়েছিল তার। কিন্তু বয়সের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকেই সরে এল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিনের এক স্থূলকায় চিতাবাঘকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল। তার নাম ‘পান বাও বাও’ (Pan Bao Bao)। শুধু চেহারার কারণেই এখন দর্শকদের অন্যতম আকর্ষণ সে।
ওজন কমানোর পরিকল্পনায় ইতি
চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানঝিহুয়া চিড়িয়াখানায় (Panzhihua Zoo) বাস ১৯ বছর বয়সি এই চিতাবাঘের (Pan Bao Bao)। ২০২৪ সালের মার্চে দর্শকদের তোলা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় সে। তার গোলগাল চেহারার সঙ্গে ডিজনির অ্যানিমেশন ছবি ‘জুটোপিয়া’-র (Zootopia) অফিসার ক্লহাউজারের মিল খুঁজে পান অনেকে।
জনপ্রিয়তা বাড়তেই প্রথমে তার খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করে ডায়েট শুরু করেন চিড়িয়াখানার কর্মীরা। কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পর সেই পরিকল্পনা বাতিল করা হয়। কর্তৃপক্ষের বক্তব্য, ১৯ বছর বয়সে (Pan Bao Bao) জোর করে ওজন কমানোর চেষ্টা তার স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে।
🐆❤️ ¡UNA VEJEZ TRANQUILA PARA EL CLAWHAUSER DE LA VIDA REAL! Pan Baobao, el famoso leopardo de 19 años, ya no estará sometido a una dieta estricta para bajar de peso. Sus cuidadores priorizarán su bienestar sin dejar de atender sus necesidades nutricionales. https://t.co/cvOcL0UK5E
— EL INCORRECTO (@elincorrectosoy) November 24, 2026
প্রতিদিনের কী খাবার বাও বাও-এর?
(Pan Bao Bao) এখন তার ওজন কমানোর বদলে বর্তমান ওজন ও সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখাই মূল লক্ষ্য। প্রতিদিন তার খাবারের তালিকায় থাকে প্রায় ৫০০ গ্রাম গরুর মাংস এবং এক ভাগ মুরগির মাংস। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তাকে সুস্থ পাওয়া গিয়েছে বলে CNN জানিয়েছে।
শুধু তাই নয়, জনপ্রিয়তা বাড়ার পর বাও বাওয়ের থাকার জায়গাও দ্বিগুণ করে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ফলে এখন আরও বড় জায়গায় স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারে সে।
মুরগি খেয়ে উড়তে ভুলল বাজপাখি
এদিকে, চলতি মাসে আমেরিকার ভার্জিনিয়ায় এক লাল-কাঁধের বাজপাখিকে (Red-shouldered Hawk) নিয়েও চর্চা শুরু হয়েছে। প্রায় ৯১০ গ্রাম ওজনের ওই পাখিটিকে একটি বাড়ির সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয়। প্রথমে আঘাত বা অন্য কোনও শারীরিক সমস্যার আশঙ্কা করা হলেও পরীক্ষায় তেমন কিছু মেলেনি।
পরে বিশেষজ্ঞরা জানতে পারেন, আশপাশের খোলা জায়গায় ঘুরে বেড়ানো মুরগি খেয়েই তার ওজন বেড়েছে। ফলে উড়তে না পারার কারণ হিসেবে অতিরিক্ত ওজনকেই চিহ্নিত করা হয়। সাউথওয়েস্ট ভার্জিনিয়া ওয়াইল্ড লাইফ সেন্টার সোশ্যাল মিডিয়ায় জানায়, পাখিটির নাম দেওয়া হয়েছে ‘RSHA 26-2599’। তাদের পর্যবেক্ষণে, সেটি কার্যত ‘ওড়ার জন্য অতিরিক্ত মোটা’।














