---Advertisement---

Aamir Khan Arijit Singh: প্লেব্যাক থেকে অবসর প্রত্যাহার? অরিজিতের সঙ্গে দেখা করতে হাজির আমির খান

February 2, 2026 5:49 PM
aamir khan arijit singh
---Advertisement---

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান এবং প্লেব্যাকের অন্যতম বড় নাম অরিজিৎ সিং। এই দুই তারকার নাম একসঙ্গে এলেই কৌতূহল তুঙ্গে ওঠা স্বাভাবিক। সেই কৌতূহলই নতুন করে উসকে দিল আমির খানের আচমকা মুর্শিদাবাদের জিয়াগঞ্জ সফর। রবিবার রাতেই কলকাতা হয়ে সড়কপথে জিয়াগঞ্জে পৌঁছে যান আমির। সোমবার সকাল থেকে তিনি রয়েছেন অরিজিতের পৈতৃক বাড়িতেই।

আমিরের এই ঝটিকা সফরের খবর সামনে আসতেই শুরু হয় জল্পনার ঝড়। সম্প্রতি সমাজমাধ্যমে প্লেব্যাক জগৎ থেকে অবসরের ইঙ্গিত দিয়ে আলোড়ন ফেলেছিলেন অরিজিৎ। তার পরই কি তাঁকে আবার গান জগতে ফেরাতে ব্যক্তিগত উদ্যোগে হাজির হলেন আমির? নাকি আসন্ন কোনও বিশেষ প্রোজেক্ট নিয়ে গোপন আলোচনা? দুই তারকার তরফে মুখে কুলুপ থাকলেও ইন্ডাস্ট্রির অন্দরে নানা তত্ত্ব ঘুরপাক খাচ্ছে।

সূত্রের খবর, আমির কোনও রকম প্রচার বা তারকাসুলভ আয়োজন ছাড়াই একেবারে ঘরোয়া পরিবেশে সময় কাটাচ্ছেন অরিজিতের বাড়িতে। রাত কাটানোর পাশাপাশি চলছে জমাটি আড্ডা। সেই আড্ডার ফাঁকেই নাকি খোলা গলায় গান ধরেছেন অরিজিৎ। সবচেয়ে লক্ষণীয় বিষয়, আমিরের উপস্থিতি সত্ত্বেও এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। অরিজিতের ঘনিষ্ঠদের দাবি, জিয়াগঞ্জের মানুষের উপর তাঁর অগাধ আস্থা রয়েছে।

আমির ও অরিজিতের সম্পর্ক নতুন নয়। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই তাঁদের বন্ধুত্ব, আর আমিরের ছবিতে অরিজিতের গাওয়া গান চিরকালীন জনপ্রিয়তা পেয়েছে। সমাজসেবার প্রতি দায়বদ্ধতা ও প্রচারের আলো এড়িয়ে চলার মানসিকতাও এই দুই শিল্পীকে কাছাকাছি এনেছে।

মঙ্গলবার সকালে জিয়াগঞ্জ ছাড়ার কথা আমিরের। তবে এই নীরব সাক্ষাৎ শুধুই বন্ধুত্বের, না কি এর আড়ালে লুকিয়ে আছে কোনও বড় সাংস্কৃতিক বা সমাজমনস্ক পরিকল্পনা—সে উত্তর আপাতত ভবিষ্যতের হাতেই।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment