ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী পরিবারের তকমা ফের ধরে রাখলেন মুকেশ আম্বানি ও তাঁর পরিবার। ২০২৬ সালের Barclays Private Clients Hurun India Most Valuable Family Businesses List অনুযায়ী, আম্বানি পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫.৮ লক্ষ কোটি। তবে গত বছরের তুলনায় তাঁদের সম্পদ ৮.৫ শতাংশ কমেছে। অন্যদিকে, প্রথম প্রজন্ম থেকে উঠে আসা ব্যবসায়ী পরিবারগুলির মধ্যে শীর্ষস্থান দখল করেছেন গৌতম আদানি ও তাঁর পরিবার। তাঁদের সম্পদের পরিমাণ প্রায় ১৯.৬ লক্ষ কোটি। বছরের পর বছর ধরে ব্যবসায়ী মহলে নিজেদের জায়গা করে তোলা পরিবারগুলির পাশাপাশি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের ব্যবসাও যে কতটা শক্তিশালী হয়ে উঠেছে, এই তালিকা তারই ইঙ্গিত দিচ্ছে।
Ambani’s Richest Business Family: তালিকায় আম্বানির পর কারা?
সবচেয়ে ধনী ব্যবসায়ী পরিবারগুলির তালিকায় সামগ্রিকভাবে আম্বানি পরিবারের পরেই রয়েছে আদানি পরিবার। তৃতীয় স্থানে রয়েছেন ভারতী এয়ারটেলের প্রোমোটার সুনীল ভারতী মিত্তল। তাঁর পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ১২.১ লক্ষ কোটি। একইসঙ্গে প্রথম প্রজন্মের ব্যবসায়ী পরিবারগুলির মধ্যে তিনিই আদানির পর দ্বিতীয় স্থানে রয়েছেন। এরপর রয়েছেন কুমার মঙ্গলম বিড়লা। বিড়লা পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ৮.১৪ লক্ষ কোটি।
ভারতের ৩০০ ধনী ব্যবসায়ী পরিবারের সম্পদ কত?
রিপোর্ট অনুযায়ী, ভারতের ৩০০টি প্রথম সারির ব্যবসায়ী পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ ১.৪৬ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৩৮ লক্ষ কোটি।
এই প্রসঙ্গে হুরুন ইন্ডিয়া-র প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক অনাস রহমান জুনেইদ জানিয়েছেন, এই ৩০০টি পরিবারকে যদি একটি দেশ হিসেবে ধরা হয়, তাহলে তা বিশ্বের ১৮তম বৃহত্তম অর্থনীতির সমান। এমনকি এই মূল্য নেদারল্যান্ডস, সৌদি আরব, সুইৎজারল্যান্ড ও পোল্যান্ডের মতো দেশের জিডিপির থেকেও বেশি।
দু’বছরে প্রতিদিন বেড়েছে হাজার হাজার কোটির ব্যবসা
রিপোর্ট অনুযায়ী, গত দুই বছরে ভারতের ৩০০টি শীর্ষ ব্যবসায়ী পরিবার প্রতিদিন গড়ে তাদের সম্পদ প্রায় ৪,০৭৬ কোটি করে বাড়িয়েছে। সবচেয়ে দ্রুত সম্পদ বেড়েছে আহুজা পরিবারের। শাহী এক্সপোর্টসের আহুজা পরিবারের সম্পদ তিন বছরে ৩৫২ শতাংশ বেড়ে প্রায় ৩৭,৫০০ কোটি হয়েছে। তালিকায় তাঁরাই তিন বছরের হিসাবে সবচেয়ে বেশি পরিমাণে সম্পদ বৃদ্ধি করেছে।
অন্যদিকে, গারওয়্যার হাই-টেক ফিল্মসের শশীকান্ত বালচন্দ্র গারওয়্যার পরিবার তিন বছরে তাঁদের সম্পদ প্রায় ৩০০ শতাংশ বাড়িয়ে ১৫,৬০০ কোটি করেছে।
Youtube থেকে আয় এখন আরও কঠিন, পলিসিতে বড় বদল সংস্থার
সবচেয়ে বেশি সম্পদ তৈরি করেছে জিন্দাল পরিবার
পরিমাণের বিচারে গত তিন বছরে সবচেয়ে বেশি নতুন সম্পদ তৈরি করেছে জিন্দাল পরিবার। এই সময়ে তাঁদের সম্পদ প্রায় ৩.৩ লক্ষ কোটি বেড়েছে। ফলে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮.০২ লক্ষ কোটি, যা তিন বছরে প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি।
সব মিলিয়ে, ২০২৬-এর এই তালিকা থেকে বোঝা যাচ্ছে ভারতের ব্যবসায়িক দুনিয়ায় আম্বানি পরিবার এখনও শীর্ষে থাকলেও আদানি, মিত্তল, বিড়লা, জিন্দাল-সহ একাধিক বড় ব্যবসায়ী পরিবারগুলি দ্রুত নিজেদের সম্পদের পরিমাণ বাড়াচ্ছে। (Ambani’s Richest Business Family)
একইসঙ্গে প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের উত্থানও ভারতীয় কর্পোরেট জগতের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগামীদিনেও এভাবেই দেশের ব্যবসায় উন্নতি হলে তা সামগ্রিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা।












Great site! I am loving it!! Will come back again. I am bookmarking your feeds also