বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই ঘটনায় মূলচক্রী বলে সন্দেহ করা অনিল পণ্ডিতের এক সহযোগীকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। ধৃতের নাম সমীর। তদন্তকারীদের দাবি, হামলার জন্য শুটারদের সঙ্গে অনিলের যোগাযোগ করিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। টাকা ও বিদেশে বসবাসের প্রলোভন দেখিয়ে অভিযুক্তদের এই হামলায় যুক্ত করা হয়েছিল বলে অভিযোগ।
Attack on Tiger Shroff: কীভাবে হয়েছিল হামলার পরিকল্পনা?
সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ায় থাকা লরেন্স গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিতই ওই তিন শুটারকে নিয়োগ করেছিল বলে অভিযোগ। তাদের মধ্যে রেহান ওরফে শুক্কাকে ৩৫ হাজার টাকা এবং বিদেশে স্থায়ীভাবে বসবাসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইন ও চুরির একাধিক মামলা রয়েছে। তিন অভিযুক্ত প্রায় এক মাস মুম্বইয়ে ছিল। সেই সময় তাদের সঙ্গে হৃতিক কুমারের পরিচয় হয়। মুম্বইয়ের রাস্তাঘাট সম্পর্কে পরিচিত হৃতিককেও বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখানো হয়েছিল বলেও জানা গিয়েছে।
অনলাইনে টাকা, অ্যাপে যোগাযোগ
তদন্তকারীদের দাবি, বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠিয়ে অভিযুক্তদের খরচ জুগিয়েছিল অনিল। একটি দোকান থেকে সেই টাকা সংগ্রহ করত তারা।
যোগাযোগের জন্য ‘জাগি’ নামে এমন একটি অ্যাপ ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ, যেখানে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা সম্ভব। নির্দিষ্ট জায়গায় আবর্জনার পাত্রের কাছে বন্দুক রাখা রয়েছে বলে বার্তা পেয়ে অভিযুক্তরা অস্ত্র সংগ্রহ করেছিল বলে অনুমান পুলিশের। এই ঘটনায় আরও অনেকে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের দাবি, টাইগারের গাড়িতে গুলি চালানোর আগে রেহান ও ফুল সিং অমৃতসরে এক ব্যবসায়ীর উপর গুলি চালানোর চেষ্টা করেছিল। তবে সেবার সেই কাজে সফল হয়নি দুষ্কৃতীরা।
টাইগার শ্রফ কাণ্ডে ধৃত ৩, বন্দুকে যান্ত্রিক ত্রুটিতেই প্রাণে বাঁচলেন অভিনেতা?
কোটায় ধৃত তিনজন, উদ্ধার মোটরবাইক
এর আগে রাজস্থানের কোটায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রথমে একজন নাবালক বলে খবর ছড়ালেও পুলিশ জানায়, ধৃতদের বয়স ১৮, ২২ ও ২২ বছর। দু’জন হরিয়ানা এবং একজন বিহারের বাসিন্দা।
ডিসিপি রাজ তিলক রোশন জানান, অভিযুক্তদের মধ্যে দু’জন টাইগারের গাড়ি লক্ষ্য করে পাঁচ থেকে ছ’রাউন্ড গুলি চালিয়েছিল। মুম্বইয়ের আন্ধেরি থেকে হামলায় ব্যবহৃত মোটরবাইক উদ্ধার হয়েছে। তবে ধৃতদের কাছ থেকে অস্ত্র মেলেনি। তবে ইতিমধ্যে তাদের রাজস্থান থেকে মুম্বইয়ে আনা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার আগে টাইগারের উপর হামলার কোনও হুমকির অভিযোগ ছিল না। তাই ঠিক কি উদ্দেশ্যে এই হামলার করা হলো তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তার কারণ এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।












