টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর আগে মুম্বইয়ে একাধিক বলিউড তারকার বাড়িতে নজরদারি চালিয়েছিল অভিযুক্তরা। সেই তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন, সলমন খান, আমির খান এবং অক্ষয় কুমার। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, তুলনামূলক কম নিরাপত্তা রয়েছে, এমন তারকাদেরই নিশানা করার নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্তদের। ১৮ অক্টোবর জুহুতে টাইগারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্তে এনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে । (Tiger Shroff Firing Case)
অটোচালকদের সাহায্যে তারকাদের বাড়িতে নজরদারি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ে যাতায়াতের জন্য বিভিন্ন অটোচালকের সাহায্য নিত অভিযুক্তরা। তাঁদের কাছে বলিউড তারকাদের বাড়ি দেখিয়ে দেওয়ার অনুরোধ করত তারা। বাড়ির ছবি তুলতে চায় বলেও জানাত অভিযুক্তরা। এভাবেই অমিতাভ বচ্চন, সলমন খান, আমির খান এবং অক্ষয় কুমারের বাড়ির আশপাশে নজরদারি চালানো হয়েছিল বলে অভিযোগ। (Tiger Shroff Firing Case) এই সময় এক অটোচালকের কাছ থেকেই অভিযুক্তরা জানতে পারে, অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ প্রতি রবিবার জুহুর একটি ফুটবল মাঠে খেলতে আসেন।
১১ অক্টোবর ব্যর্থ, ১৮ অক্টোবর গুলি
পুলিশের দাবি, এই তথ্য পাওয়ার পর ১১ অক্টোবর ওই ফুটবল মাঠে পৌঁছেছিল অভিযুক্তরা। কিন্তু সেদিন টাইগার সেখানে আসেননি। এরপর ১৮ অক্টোবর ফের ওই মাঠে যায় তারা। এবার তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্রও ছিল। সেদিনই টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। তদন্তকারীদের দাবি, টাইগারের অনুরাগীদের সোশ্যাল মিডিয়া রিল দেখে অভিযুক্তরা জানতে পেরেছিল, সেই সময় অভিনেতার সঙ্গে পুলিশি নিরাপত্তা ছিল না। সেই বিষয়টিও তাঁকে নিশানা করার সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। (Tiger Shroff Firing Case)
উদ্ধার হয়নি আগ্নেয়াস্ত্র
পুলিশ সূত্রে খবর, হামলায় একটি বিদেশি পিস্তল এবং একটি দেশি পিস্তল ব্যবহার করা হয়েছিল। মুম্বই ছাড়ার সময় অভিযুক্তরা দু’টি আগ্নেয়াস্ত্রই অজ্ঞাত জায়গায় ফেলে দেয়। সেগুলির সন্ধান চালাচ্ছে মুম্বই পুলিশ। একই সময়ে হরিয়ানা থেকেও কয়েকজন মুম্বইয়ে এসে নজরদারি চালিয়ে ফিরে গিয়েছিল বলে অভিযোগ। ২০ অক্টোবর অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টাইগারই হামলার মূল লক্ষ্য ছিলেন কি না, তা নিয়ে তদন্তকারীদের সামনে নতুন প্রশ্ন উঠেছে। হামলার উদ্দেশ্য ছিল বলিউড মহলে আতঙ্ক ছড়ানো বলেও প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহু এলাকায় মোটরবাইকে আসা তিন ব্যক্তি টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। অভিনেতা অক্ষত অবস্থায় রক্ষা পান। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই লরেন্স বিষ্ণোই গ্যাং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হামলার দায় স্বীকার করে। ঘটনার পর আমাল মালিক, মিকা সিং, বিদ্যুৎ জামওয়াল, শত্রুঘ্ন সিনহা এবং রবি কিষাণের মতো তারকারা উদ্বেগ প্রকাশ করেছেন। (Tiger Shroff Firing Case)













1 thought on “অমিতাভ-সলমন-অক্ষয়, নিশানায় কি গোটা বলিউড? টাইগারকাণ্ডে নতুন তথ্য”
Comments are closed.