শহরে সবুজের অভাব খানিক ঘোচাতে অনেকেই নিজেদের বাড়ি বা ফ্ল্যাটের ছাদে নানা ধরনের গাছ লাগান। কারও পছন্দ ফুলের গাছ, কেউ আবার ক্যাকটাস বা পাতাবাহার দিয়ে সাজিয়ে তোলেন নিজের ছাদ। শহরের ব্যস্ত জীবনে এই ছোট্ট বাগান যেন এক টুকরো স্বস্তি। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, ছাদে গাছ রাখার ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলা জরুরি। প্রচলিত বাস্তু বিশ্বাস অনুযায়ী, কিছু নির্দিষ্ট গাছ বাড়ির পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি সংসারে অশান্তি ও মানসিক অস্থিরতার কারণও হতে পারে বলে মনে করা হয়। তাহলে কোন কোন গাছ ছাদে রাখা এড়িয়ে চলবেন? আর কোন গাছগুলি রাখা শুভ? জেনে নিন। (Vastu Tips)
ছাদে রাখবেন না এই তিন ধরনের গাছ
১. ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ
বাড়ি কিংবা ছাদ সাজানোর জন্য অনেকেই ছোট ছোট ক্যাকটাস গাছ কিনে আনেন। দেখতে সুন্দর হওয়ায় এই গাছের জনপ্রিয়তাও যথেষ্ট। তবে বাস্তুশাস্ত্রের প্রচলিত ধারণা অনুযায়ী, বাড়ির ছাদে কাঁটাযুক্ত গাছ রাখা শুভ নয়। মনে করা হয়, এই ধরনের গাছ নেতিবাচক শক্তির প্রতীক। এর প্রভাবে বাড়ির সদস্যদের মধ্যে মনোমালিন্য ও অশান্তি বাড়তে পারে বলে বাস্তু বিশেষজ্ঞদের একাংশের মত।
২. অশ্বত্থ ও বট গাছ
অনেক সময় পাখির মাধ্যমে বা বাতাসে ভেসে আসা বীজ থেকে বাড়ির ছাদের কোণে কিংবা দেওয়ালের ফাঁকে অশ্বত্থ ও বটগাছ জন্মায়। হিন্দু ধর্মে এই দুটি গাছ অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। ধর্মীয় রীতি মেনে গাছ দুটির পুজোও করা হয়। তবে বাস্তু মতে, বাড়ির ছাদে আপনা-আপনি অশ্বত্থ বা বটগাছ জন্মানো শুভ লক্ষণ নয়। তাই ছাদে এই ধরনের গাছ বেড়ে উঠতে দেখলে অবহেলা না করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তবে গাছ সরানোর সময় বাড়ির কাঠামোর ক্ষতি যাতে না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
৩. শুকনো ও মরা গাছ
শখ করে গাছ লাগালেও সব সময় সেগুলির ঠিকমতো যত্ন নেওয়া সম্ভব হয় না। ফলে অনেক সময় গাছ শুকিয়ে যায় বা মরে যায়। কিন্তু সেগুলি ছাদের এক কোণে দীর্ঘদিন ফেলে রাখেন অনেকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এমনটা করা একেবারেই ঠিক নয়। শুকনো ও মরা গাছকে হতাশা, স্থবিরতা ও নেতিবাচকতার প্রতীক হিসেবে দেখা হয়। প্রচলিত বিশ্বাস, এই ধরনের গাছ বাড়ির পরিবেশের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই শুকিয়ে যাওয়া গাছ সরিয়ে ছাদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ভালো। (Vastu Tips)
ছাদে কোন গাছ লাগানো শুভ বলে মনে করা হয়?
বাস্তু মতে, ছাদে এমন কিছু গাছ রাখা ভালো, যেগুলি ইতিবাচক শক্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত। এই তালিকায় রয়েছে তুলসী, গাঁদা, জবা ও জুঁই।
তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। নিয়মিত পুজোও করা হয় এই গাছের। অন্যদিকে, গাঁদা ও জবা ফুল পুজোর কাজে ব্যবহৃত হওয়ার পাশাপাশি বাড়ির সৌন্দর্যও বাড়ায়। জুঁই ফুলের মিষ্টি গন্ধ ছাদে এনে দেয় স্নিগ্ধ পরিবেশ। বাস্তুশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, এই ধরনের গাছ বাড়িতে শুভ শক্তি, সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে।
তবে মনে রাখবেন, এগুলি সম্পূর্ণতই বাস্তুশাস্ত্রের প্রচলিত বিশ্বাস। গাছের উপস্থিতির সঙ্গে সংসারের অশান্তি বা সুখ-সমৃদ্ধির সরাসরি কোনও বৈজ্ঞানিক সম্পর্ক প্রমাণিত নয়। বাস্তবে গাছের সঠিক পরিচর্যা, পর্যাপ্ত আলো-বাতাস এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশই একটি সুন্দর ছাদবাগান গড়ে তোলার মূল চাবিকাঠি।













