মন্দিরে ঢুকেই ঘণ্টা বাজিয়ে প্রণাম করছেন ভক্তরা। পুজো শেষে দেবতার সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে প্রার্থনা করে ধীরে ধীরে বেরিয়ে আসছেন অনেকে। তবে মন্দিরে প্রবেশের সময় ঘণ্টা বাজানোর রীতি থাকলেও বেরিয়ে আসার সময় ঘণ্টা বাজানো উচিত নয় বলেই মনে করেন শাস্ত্রবিদেরা। পুজোর সঙ্গে জড়িয়ে থাকা এমন অনেক নিয়মের মধ্যে এই বিষয়টি নিয়েই রয়েছে বিশেষ ব্যাখ্যা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মন্দিরে প্রবেশের সময় ঘণ্টার শব্দ পরিবেশকে পবিত্র করে এবং মনকে শান্ত করে। কিন্তু পুজো শেষে ফেরার সময় সেই নীরবতা বজায় রাখাই গুরুত্বপূর্ণ। (Temple Bell Rules)
ঘণ্টা বাজানোর পিছনে কী কারণ?
হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, মন্দিরে প্রবেশের সময় ঘণ্টা বাজানো শুভ বলে মনে করা হয়। ঘণ্টার গম্ভীর ও মিষ্টি শব্দে চারপাশের পরিবেশে এক ধরনের পবিত্র আবহ তৈরি হয়। একই সঙ্গে বাইরের জগতের চিন্তা ও ব্যস্ততা থেকে মনকে সরিয়ে ঈশ্বরের প্রতি মনোযোগী হতে সাহায্য করে এই শব্দ। বিশ্বাস করা হয়, ঘণ্টা বাজিয়ে ভক্তরা ঈশ্বরের কাছে নিজের উপস্থিতি জানান দেন। এরপর শুরু হয় পুজো ও প্রার্থনা। (Temple Bell Rules)
মন্দির থেকে বেরোনোর সময় কেন ঘণ্টা নয়?
শাস্ত্রবিদদের মতে, পুজো শেষ করে মন্দির থেকে বেরোনোর সময় আবার ঘণ্টা বাজানো উচিত নয়। কারণ, প্রবেশের সময় ঘণ্টা বাজিয়ে নিজের উপস্থিতি জানান দেওয়া হয়েছে। পুজো শেষে এবার নীরবে ঈশ্বরের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। ফেরার সময় ঘণ্টা বাজালে প্রার্থনার পর তৈরি হওয়া শান্ত ও একাগ্রতার আবহ নষ্ট হতে পারে। তাই কোনও অতিরিক্ত শব্দ না করে ভক্তিভরে মন্দির থেকে বেরিয়ে আসার পরামর্শ দেওয়া হয়। (Temple Bell Rules)
মন্দির থেকে বেরোনোর আগে কী করবেন?
পুজো শেষ হলেই তাড়াহুড়ো করে মন্দির ছেড়ে বেরিয়ে আসা উচিত নয়। দেবতার সামনে কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করা যেতে পারে। নিজের মনের ইচ্ছার কথা জানানোর পাশাপাশি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার রীতিও প্রচলিত। অনেক ভক্ত গর্ভগৃহ থেকে বেরোনোর সময় পিছন ফিরে আরও একবার দেবতার দর্শন করেন। কেউ কেউ মন্দিরের সিঁড়ি বা চৌকাঠে মাথা ঠেকিয়ে প্রণাম করেন। মন্দির থেকে প্রসাদ, চরণামৃত কিংবা তুলসীপাতা দেওয়া হলে তা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করাও গুরুত্বপূর্ণ। পুজোর পর মনের শান্তি ও ভক্তির ভাব বজায় রেখেই মন্দির থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন শাস্ত্রবিদেরা। (Temple Bell Rules)













