রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অসমের বন্যায় নষ্ট হয়েছে বইখাতা, রোদে শুকিয়ে স্বপ্ন বাঁচাচ্ছে খুদেরা

Published on: July 26, 2026
Assam Flood
---Advertisement---

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসম। টানা বর্ষায় নদীর জলস্তর বেড়ে যাওয়ায় রাজ্যের একাধিক জেলা কার্যত জলমগ্ন। বহু মানুষের বাড়িঘর ভেসে গিয়েছে, নষ্ট হয়েছে আসবাবপত্র, পোশাক-আশাক থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। সেই সঙ্গে বন্যার জলে ডুবে নষ্ট হয়েছে অসংখ্য পড়ুয়ার বই-খাতা ও পাঠ্যসামগ্রীও। তবে চোখের সামনে কাদা ও জলে ভিজে বই-খাতা নষ্ট হতে দেখেও হাল ছাড়েনি ছোট্ট পড়ুয়ারা। জল নামতেই পড়াশোনা বাঁচানোর লড়াইয়ে নেমে পড়েছে তারা।

Assam Flood: রোদে শুকাচ্ছে ভেজা বই-খাতা, ভাইরাল ছবি

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিয়োতে দেখা যায়, বাড়ি থেকে কাদমাখা, জলভেজা বই-খাতা উদ্ধার করে শিশুরা রাস্তার শুকনো অংশে সেগুলি রোদে মেলে দিয়েছে। কেউ পাঠ্যবই, কেউ খাতা, কেউ আবার অন্যান্য পড়াশোনার সামগ্রী শুকিয়ে আবার ব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা করছে। বন্যার ধাক্কা সামলেও শিক্ষার প্রতি তাদের এই অদম্য আগ্রহ নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

ওই ছবি, ভিডিয়োগুলি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অসংখ্য নেটিজেন শিশুদের এই প্রচেষ্টার প্রশংসা করেন। একজন লেখেন, “এই শিশুরাই শিক্ষার প্রকৃত মূল্য বোঝে।” অন্যজনের মন্তব্য, “প্রতি বছর একই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে অসমকে। শুধু ত্রাণ নয়, স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা জরুরি, যাতে আর কোনও শিশুকে এভাবে কষ্ট করতে না হয়।” অন্য এক ব্যবহারকারী লেখেন, “শিক্ষার জন্য এই লড়াই সত্যিই অনুপ্রেরণা জোগায়। জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ।”

তৎপর অসম সরকার

সামাজিক মাধ্যমে এই ছবি ও ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসেছে অসম সরকারও। রাজ্যের শিক্ষামন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন, বন্যায় যেসব পড়ুয়ার পাঠ্যবই নষ্ট হয়েছে, তাদের প্রত্যেককে বিনামূল্যে নতুন টেক্সটবই দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে স্কুল খুললেই দ্রুত নতুন বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে কোনও পড়ুয়ার পড়াশোনায় ব্যাঘাত না ঘটে। এক্স-এ তিনি লেখেন, “স্কুল খুলতেই ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের কাছে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শিক্ষা থেমে থাকতে পারে না।” (Assam Flood)

অসমে বন্যায় মৃত ৬৬; জলবন্দি ৬.৫৪ লক্ষ মানুষ

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে অসমের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে থাকায় হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নওগা, কাছাড় ও বরপেটা। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি বহু জায়গায় সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও বই-খাতা রোদে শুকিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করা খুদে পড়ুয়াদের দৃঢ় মানসিকতাই নজর কেড়েছে নেটিজেনদের।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment