মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (BKC) পাঁচটি রেস্তোরাঁ নিয়ে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর সঙ্গে তৈরি হওয়া বিতর্কে কড়া নির্দেশ বম্বে হাইকোর্টর। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) চত্বরে রয়েছে রেস্তোরাঁগুলি। নতুন করে পরিদর্শনের পর রেস্তোরাঁগুলি খাদ্য নিরাপত্তার নিয়মের ৮৮ শতাংশ মেনে চলছে বলে রিপোর্ট এসেছে। তার পরও লাইসেন্সের সাসপেনশন না তোলায় FDA-কে তীব্র ভর্ৎসনা করল আদালত। একই সঙ্গে পাঁচটি রেস্তোরাঁর সাসপেনশন তুলে দিয়ে সেগুলি ফের খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন শুনানিতে বিচারপতি রবীন্দ্র গুঙ্গে এবং গৌতম আঙ্খাদ-এর ডিভিশন বেঞ্চ FDA-র ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। আদালতের বক্তব্য, আগের শুনানিতেই আধিকারিকদের বিষয়টি বাস্তব পরিস্থিতি মাথায় রেখে বিবেচনা করতে বলা হয়েছিল। কিন্তু তার পরেও FDA ‘বাস্তবসম্মত’ সিদ্ধান্ত না নিয়ে অতিরিক্ত কড়াকড়ি দেখাচ্ছে।
Bombay High Court Slammed FDA: ৮৮ শতাংশ নিয়ম মেনেও বন্ধ ছিল রেস্তোরাঁ
MCA-র তরফে আদালতে জানানো হয়েছিল, স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ এবং রেস্তোরাঁ পরিচালনার বিষয় নিয়ে তাঁদের পাঁচটি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড করেছিল FDA। এরপর বৃহস্পতিবার নতুন করে রেস্তোরাঁ পরিদর্শন করা হয়। সেই রিপোর্টে দেখা যায়, রেস্তোরাঁগুলি খাদ্য নিরাপত্তার নিয়মের ৮৮ শতাংশই মেনে চলছে। তবুও FDA প্রথমে সাসপেনশন তুলে নিতে রাজি হয়নি।
তাদের যুক্তি, রেস্তোরাঁগুলি একটি সংস্থার নামে পরিচালনা করা হচ্ছে, অথচ খাদ্য লাইসেন্সগুলি MCA-র নামে রয়েছে। অর্থাৎ, লাইসেন্সের মালিক এবং রেস্তোরাঁ পরিচালনাকারী সংস্থা আলাদা, এই যুক্তি দেখিয়েই লাইসেন্স আটকে রাখে FDA।
‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলে মার্কিন নিয়ন্ত্রণ
শনিবার আদালতে FDA জানায়, তারা MCA-কে নতুন করে নোটিস দেবে। যে সংস্থাটির নামে রেস্তোরাঁগুলি পরিচালিত হচ্ছে তার সঙ্গে তাদের চুক্তি নিয়ে MCA-কে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে এবং তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
‘বারবার ধমক দিতে দিতে ক্লান্ত’, FDA-কে হুঁশিয়ারি
FDA-র এই অবস্থানেই ক্ষুব্ধ হয় আদালত। বিচারপতিরা বলেন, তাঁরা আগেই FDA-কে বিষয়টি বাস্তবসম্মতভাবে দেখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশের পরেও দফতর একইভাবে কড়া অবস্থান নিয়েছে।
আদালতের মন্তব্য, “বারবার এই দফতর এবং আধিকারিকদের ধমক দিতে দিতে আমরা ক্লান্ত।” এরপরই আদালত সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার পদক্ষেপের হুঁশিয়ারি দেয়। এমনকি আদালত বলে, প্রয়োজন হলে আধিকারিকদের আদালতে এসে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হবে, না হলে তাঁদের শাস্তির মুখেও পড়তে হতে পারে। (Bombay High Court Slammed FDA)
বিচারপতিরা আরও প্রশ্ন তোলেন, আইনি অবস্থান পুরোপুরি খতিয়ে না দেখে FDA কেন এত তাড়াহুড়ো করে ব্যবস্থা নিল? আদালতের বক্তব্য, নিয়ম প্রয়োগের ক্ষেত্রে ভারসাম্য রাখা দরকার। শুধুমাত্র কঠোর হতে হবে ভেবেই এমন কড়াকড়ি উচিত নয়।
শেষ পর্যন্ত শুনানিতে নতুন পরিদর্শনে রেস্তোরাঁগুলির নিয়ম মেনে চলার বিষয়টি সামনে আসায় আদালত এবার সাসপেনশনের তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। ফলে MCA চত্বরে থাকা পাঁচটি রেস্তোরাঁ ফের সাধারণের জন্য খুলে দেওয়ার পথ এবার পরিষ্কার হলো।











