ধসে পড়া বহুতলের স্তূপ। চারদিকে ছড়িয়ে পড়েছে ইট, কংক্রিট আর ধ্বংসাবশেষ। তার নীচে কেউ আটকে রয়েছেন কি না, চলছে জোরকদমে উদ্ধারকাজ। দিল্লির সত্য নিকেতনে রবিবারের এই ভয়াবহ ঘটনায় এখনও শোকের ছায়া। মৃত্যু হয়েছে সাত জনের। আহত হয়েছেন আরও কয়েক জন। এই ঘটনায় এবার দিল্লি হাই কোর্টের নজরে বাড়ির মালিকের পাশাপাশি দিল্লি পুরনিগম (MCD) এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ও। (Satya Niketan Building Collapse)
সোমবার এই ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করে দিল্লি হাই কোর্ট। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ জানায়, এই দুর্ঘটনার দায় শুধু বাড়ির মালিকের উপর চাপিয়ে দেওয়া যায় না। MCD এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভূমিকাও খতিয়ে দেখা দরকার।
উদ্ধারকাজ বাড়ানোর নির্দেশ
ঘটনার পর এখনও ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই উদ্ধারকাজ আরও জোরদার করার নির্দেশ দিয়েছে আদালত। বেঞ্চ কর্তৃপক্ষকে উদ্ধারকাজে আরও গতি বাড়াতে বলে। উদ্দেশ্য, কোনও ভাবেই যাতে আরও প্রাণহানি না হয়। (Satya Niketan Building Collapse)
কেন্দ্র, দিল্লি সরকার, দিল্লি পুলিশ এবং MCD -র হয়ে আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আটকে পড়া মানুষদের উদ্ধারে সবরকম চেষ্টা চলছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। উদ্ধারকাজে আরও কিছুটা সময় প্রয়োজন বলেও আদালতকে জানান তিনি।
PG ব্যবস্থায় নজর আদালতের
সত্য নিকেতনের ওই বাড়িটিতে ছেলেদের জন্য পেয়িং গেস্ট বা PG ব্যবস্থা ছিল। বাড়িটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে। আদালতের পর্যবেক্ষণ, দিল্লির বাইরে থেকে আসা পড়ুয়াদের থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাঁদের অনেকেই বেসরকারি PG র উপর নির্ভর করেন। তাই এই ব্যবস্থার নিরাপত্তাও গুরুত্ব দিয়ে দেখা দরকার। (Satya Niketan Building Collapse)
এই ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতেই আদালত এই মন্তব্য করে। সংশ্লিষ্ট সব পক্ষকে ১০ দিনের মধ্যে পৃথক জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৫ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, রবিবার মেরামতির কাজ চলার সময় সত্য নিকেতনের ওই পিজি বাড়িটি আচমকা ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে সাত জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েক জন।(Satya Niketan Building Collapse)
আরও পড়ুন :- সত্য নিকেতনে বাড়ি ধসে ৭ মৃত্যু, সাসপেন্ড ৫ MCD আধিকারিক












2 thoughts on “সত্য নিকেতন ধস-কাণ্ডে দিল্লি হাই কোর্টের কড়া প্রশ্ন, পিজি নিরাপত্তায় অডিটের নির্দেশ”