---Advertisement---
lifezone nursing home

এই নিয়ে ১০ দিনে তৃতীয়বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, চাপ বাড়াচ্ছে সিএনজিও

May 23, 2026 10:54 AM
Fuel Price Hike
---Advertisement---

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। গত ১০ দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার জ্বালানির মূল্যবৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে। শনিবার থেকে কার্যকর হওয়া নতুন দামে পেট্রোলের ক্ষেত্রে লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের ক্ষেত্রে ৯১ পয়সা বৃদ্ধি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় তার সরাসরি প্রভাব পড়ছে দেশের জ্বালানি বাজারেও। (Fuel Price Hike)

কোথায় জ্বালানির দাম কত দাম দাঁড়ালো?

নতুন মূল্যবৃদ্ধির ফলে দেশের বিভিন্ন মহানগরগুলিতে জ্বালানির দাম আরও চড়া হয়েছে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতায়। শনিবার শহর কলকাতায় পেট্রোলের দাম ১০৯ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকা ৬৪ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। রাজধানী দিল্লিতে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৯.৫১ টাকা এবং ডিজেলের দাম ৯২.৪৯ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম ১০৮.৪৯ টাকা এবং ডিজেলের দাম ৯৫.০২ টাকা প্রতি লিটার। পাশাপাশি চেন্নাইতেও জ্বালানির দাম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। সেখানে পেট্রোলের ১০৫.৩১ টাকা এবং ডিজেলের দাম ৯৬.৯৮ টাকা প্রতি লিটারে এসে ঠেকেছে।

কেন এই মূল্যবৃদ্ধি?

তেল উৎপাদনকারী সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাগাতার বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিশেষ করে পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার ফলেই অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব স্বাভাবিকভাবেই ভারতের মতো আমদানি নির্ভর দেশের উপর পড়বেই। (Fuel Price Hike)

উল্লেখ্য, চলতি মাসের ১৬ মে প্রথম দফায় পেট্রোল এবং ডিজেলের দাম লিটার প্রতি প্রায় ৩ টাকা বাড়ানো হয়েছিল। এরপর ১৯ মে দ্বিতীয় দফায় আবার প্রায় ৯০ পয়সা পর্যন্ত দাম বৃদ্ধি হয়েছে। আর এবার তৃতীয় দফার মূল্যবৃদ্ধির ফলে গত ১০ দিনের মধ্যে জ্বালানির দাম প্রায় ৫ টাকা পর্যন্ত বেড়ে গেল। ফলে পরিবহণ খরচ বাড়ার আশঙ্কায় প্রমাদ গুনছে মধ্যবিত্তরা। বিশেষজ্ঞদের মতে, এর প্রভাব শুধু পরিবহন নয় বরং নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারেও পড়বে।

ভারতের আরশোলা এবার পাকিস্তানেও, পড়শি দেশে শুরু ককরোচদের রাজনৈতিক দল

বাড়লো সিএনজির দামও ?

শুধু পেট্রোল ডিজেলই নয় দাম বেড়েছে সিএনজিরও (CNG)। প্রতি কেজিতে এক টাকা করে দাম বেড়েছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের। দিল্লিতে এখন সিএনজির দাম বেড়ে ৮১ টাকা ৯ পয়সা হয়েছে প্রতি কেজিতে। নয়ডা ও গাজিয়াবাদে সিএনজির দাম ৮৯ টাকা ৭০ পয়সা। সবথেকে বেশি দাম আজমেরে। সেখানে প্রতি কেজি সিএনজির দাম ৯০ টাকা ৪৪ পয়সা। এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের পরিবহন খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। কারণ এখন মূলত অটোগুলি চলে এই সিএনজির উপর নির্ভর করেই। তাই জ্বালানির দাম বৃদ্ধির ফলে ভাড়া বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধের দেশে জ্বালানির দাম ধাপে ধাপে বাড়ছে। যদিও প্রথমের দিকে ভারত সরকার জানিয়েছিল যুদ্ধের ফলে দেশে জ্বালানি সরবরাহে কোনও সমস্যা নেই, তবে সময়ের সঙ্গে দেখা যাচ্ছে সরবরাহ ঠিক থাকলেও বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় তার সরাসরি প্রভাব পড়ছে আমাদের দেশেও। ফলে সব মিলিয়ে জ্বালানির এই টানা মূল্যবৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছেন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা। (Fuel Price Hike)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment