পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে এবার তৈরি হতে চলেছে DRDO-র নতুন মিসাইল পরীক্ষাকেন্দ্র। জুনপুট উপকূলে এই রেঞ্জ তৈরি হলে দেশের প্রতিরক্ষা পরীক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী হবে এবং ওড়িশার চাঁদিপুরের পরীক্ষাকেন্দ্রের উপর চাপও কমবে বলে মনে করা হচ্ছে । শুক্রবার এই প্রকল্পে রাজ্যের অনুমোদনের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, DRDO-র প্রস্তাবিত এই প্রকল্প পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। DRDO-র এক সূত্রও নিশ্চিত করেছে, জুনপুটে মিসাইল পরীক্ষার প্রকল্পটি বাস্তবায়িত হতে চলেছে। (Junput Missile Testing Centre)
রাজ্যের অনুমোদন
DRDO ২০২৪ সালের এপ্রিল মাসে পূর্ব মেদিনীপুরের উপকূলে পরীক্ষাকেন্দ্র তৈরির প্রস্তাব দিয়েছিল। ওড়িশার চাঁদিপুরের পরীক্ষাকেন্দ্রের উপর চাপ কমানোই ছিল এর অন্যতম লক্ষ্য। তবে তৎকালীন তৃণমূল সরকার প্রকল্পের জন্য জমি দেয়নি বলে অভিযোগ। শুক্রবার এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানান, DRDO এই প্রকল্প নিয়ে চিঠি পাঠিয়েছিল। কিন্তু তৎকালীন সরকার সেই চিঠির কোনও জবাব দেয়নি। তাঁর কথায়, তিনি প্রকল্পটির অনুমোদন দিয়েছেন। (Junput Missile Testing Centre) পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য এটি বড় প্রকল্প হতে চলেছে। DRDO-র এক আধিকারিকও নিশ্চিত করেছেন যে বাংলায় এই মিসাইল পরীক্ষাকেন্দ্র তৈরি হচ্ছে।
তৃতীয় বড় পরীক্ষাকেন্দ্র
জুনপুটের এই কেন্দ্র তৈরি হলে এটি DRDO-র তৃতীয় বড় পরীক্ষাকেন্দ্র হবে। বর্তমানে ওড়িশার চাঁদিপুরে দেশের প্রধান Integrated Test Range বা ITR রয়েছে। অন্ধ্রপ্রদেশেও একটি নতুন পরীক্ষাকেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। চাঁদিপুরের ITR দুটি লঞ্চ কমপ্লেক্সে কাজ করে। চাঁদিপুর-অন-সি-তে থাকা Launch Complex-III মূলত স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ ও পিনাকার মতো রকেট সিস্টেমের পরীক্ষা করে। অন্যদিকে, ওড়িশার উপকূলের Launch Complex-IV-তে দূরপাল্লার কৌশলগত অস্ত্রের পরীক্ষা হয়। এর মধ্যে অগ্নি সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কে-সিরিজের সাবমেরিন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র রয়েছে।
চাঁদিপুর থেকে বঙ্গোপসাগর উপকূল ধরে প্রায় ৭০ কিলোমিটার দূরে রয়েছে জুনপুট। নতুন কেন্দ্রটি চাঁদিপুরের পরীক্ষার চাপ ভাগ করে নেবে। (Junput Missile Testing Centre)
আরও পড়ুন :- দীর্ঘমেয়াদি উন্নয়নের কথা মাথায় রেখে ভারত-চিন সম্পর্ক, মোদিকে বার্তা শি জিনপাং












1 thought on “জুনপুটে হঠাৎ বড় প্রস্তুতি, তৈরি হতে চলেছে DRDO-র নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র”