একটানা ভারী বৃষ্টি। বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কেরল জুড়ে। বিভিন্ন জায়গায় ভূমিধসের খবরও আসছে। বন্যা পরিস্থিতি ও ভূমিধসের কারণে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৭ জন। সোমবার রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে জরুরী বৈঠক করেন কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন (kerala rain landslide) ।
kerala rain landslide: কী বললেন কেরলের মুখ্যমন্ত্রী?
কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোট্টায়াম জেলায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পুঞ্জার বিধানসভা কেন্দ্রের দুজন এবং জলের ট্যাঙ্কে পড়ে ডুবে যাওয়া একটি শিশু রয়েছে (kerala rain landslide)।
এর্নাকুলামে দুজনের মৃত্যু হয়েছে, আর ইডুক্কি ও মুভাত্তুপুঝায় মারা গেছেন একজন করে। কোল্লামে দুজন, মালাপ্পুরমে চারজন, কান্নুরে একজন এবং কোঝিকোড়ে একজনের মৃত্যু হয়েছে। ৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। কেরল সরকার জানিয়েছে, কোল্লামে দুজন, কান্নুরে দুজন, মালাপ্পুরমে একজন এবং ইদুক্কি ও মুভাত্তুপুঝায় একজন করে নিখোঁজ রয়েছেন।
রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করার পর মুখ্যমন্ত্রী এক সংবাদ বৈঠকে জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যজুড়ে ৩১৬টি ত্রাণশিবির চালু ছিল এবং সেখানে বৃষ্টি ও বন্যার কারণে ঘরছাড়া ১১,০১৮ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন।
আবহাওয়ার আরও অবনতি?
মৌসম ভবন জানাচ্ছে, ৩ ও ৬ অগস্ট রাজ্যে ভারী বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। উত্তাল হতে পারে সমুদ্র। এই কটাদিন সমুদ্র মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে কেরল প্রশাসন।
‘ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস’ উত্তর কেরালা উপকূলে ২.৭ থেকে ৩.৫ মিটার উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করেছে। উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।










