গ্রাহকদের জন্য সুখবর। LPG সিলিন্ডার রিফিল বুকিংয়ের ব্যবধান ৪৫ দিন থেকে কমিয়ে ২৫ দিন করা হলো। সোমবার কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ দিনের এই নতুন সময়সীমা শহরের বা গ্রামের সমস্ত গৃহস্থালি LPG গ্রাহকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে (Lpg Cylinder)।
চলতি বছরের গোড়ার দিকে পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে গ্যাস সরবরাহে চাপের কারণে বুকিংয়ের ন্যূনতম সময়সীমা বাড়িয়ে ৪৫ দিন করা হয়েছিল। দিন কয়েক আগে পর্যন্তও গ্রাহকেরা একটা সিলিন্ডার বুক করার পর তাঁদের অন্তত ৪৫ দিন অপেক্ষা করতে হতো। এই নতুন নির্দেশিকা অনুযায়ী, শহর, গ্রাম দুই জায়গায়ই LPG গ্রাহকদের জন্য রিফিল বুকিংয়ের ব্যবধান কমিয়ে ৪৫ দিনের জায়গায় ২৫ দিন করা হলো (Lpg Cylinder)।
Lpg Cylinder: LPG বুকিংয়ের সময়সীমা কেন কমানো হলো?
মন্ত্রক থেকে তেল বিপণন সংস্থাগুলিকে পাঠানো চিঠির একটি কপি ফেসবুকে পোস্ট করেছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী। চিঠিতে বলা হয়েছে, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরুর সময় গ্যাসের চাহিদা নিয়ন্ত্রণের জন্য অস্থায়ী পদক্ষেপ হিসেবে এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা নির্ধারণ করেছিল। অর্থাৎ শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামীণ এলাকায় ৪৫ দিন করা হয়েছিল।”
দেশে LPG-র সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং ব্যাকলগ কমে যাওয়ায় কেন্দ্র সরকার এই বিধিনিষেধ শিথিল করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক তেল বিপণন সংস্থাগুলিকে (OMCs) এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে।












