---Advertisement---
lifezone nursing home

রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন মেজর অভিলাষা বরাক, মুখ উজ্জ্বল ভারতীয় সেনার

May 23, 2026 1:30 PM
Major Abhilasha Barak
---Advertisement---

ভারতীয় সেনাবাহিনীর মুকুটে যুক্ত হলো নয়া পালক। ভারতীয় সেনা অফিসার মেজর অভিলাষা বরাককে ২০২৫ সালের ‘ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার’ পুরস্কারের জন্য বেছে নিয়েছে রাষ্ট্রসংঘ। লেবাননে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় মহিলাদের ক্ষমতায়ন, কিশোরীদের নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের লিঙ্গভেদ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মান দেওয়া হচ্ছে।

রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে, মেজর অভিলাষা বরাক বর্তমানে ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন’ বা ইউনিফিল মিশনে ভারতীয় ব্যাটালিয়নের মহিলা এনগেজমেন্ট টিমের কমান্ডার পদে রয়েছেন। এই দায়িত্ব পালন করার সময় তিনি স্থানীয় মহিলা নিয়ে নানা কাজ করেছেন এবং তাঁদের বিভিন্ন সামাজিক, নিরাপত্তা বিষয়ক সমস্যার কথা তুলে ধরতে সাহায্য করেছেন। পাশাপাশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যেও নারী-পুরুষ সমতার বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করেছেন। (Major Abhilasha Barak)

মেজর অভিলাষা বরাক ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা কমব্যাট হেলিকপ্টার পাইলট। তাঁর এই সাফল্য শুধু ভারতীয় সেনাবাহিনীর জন্য নয়, দেশের প্রতিটি মহিলাকেই অনুপ্রেরণা জোগায়। সামরিক ক্ষেত্রে নিজের দক্ষতা দিয়ে তিনি আগেই সকলের নজর কেড়েছিলেন। এবার আন্তর্জাতিক মঞ্চেও তাঁর কাজের স্বীকৃতি মিলল।

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, লেবাননে শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় মেজর বরাক স্থানীয় মহিলাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন, তাঁদের সমস্যার কথা শুনেছেন এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তাঁদের পাশে দাঁড়িয়েছেন। একই সঙ্গে কিশোরীদের শিক্ষাগত ও সামাজিক সচেতনতা বাড়ানোর ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আগামী ২৯ মে আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে মেজর অভিলাষা বরাকের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। আন্তর্জাতিক স্তরে এই স্বীকৃতি শুধু ভারতীয় সেনাবাহিনীর জন্য নয় গোটা দেশের জন্যেই অত্যন্ত গর্বের বিষয় । (Major Abhilasha Barak)

উল্লেখ্য, ভারতের তৃতীয় সেনা অফিসার হিসেবে মেজর অভিলাষা এই বিশেষ সম্মান অর্জন করবেন। এর আগে ২০১৯ সালে মেজর সুমন গোস্বামী এবং ২০২৪ সালে মেজর রাধিকা সেন এই একই সম্মানে ভূষিত হয়েছিলেন। ২০১৬ সাল থেকে প্রতি বছর রাষ্ট্রসংঘ ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার’ পুরস্কার প্রদান করে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব অনুযায়ী শান্তিরক্ষা মিশনে নারী অংশগ্রহণ বৃদ্ধি, নারী নিরাপত্তা এবং নারী নেতৃত্বকে উৎসাহিত করার ক্ষেত্রে যাঁরা অসাধারণ কাজ করেন, তাঁদের এই সম্মানে ভূষিত করা হয়। মহিলা এবং পুরুষ যে কোনও শান্তিরক্ষী সেনা সদস্যই এই পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারেন।

এই সংবাদ সামনে আসার পরেই লেবাননে ভারতীয় দূতাবাসও মেজর বরাককে অভিনন্দন জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইউনিফিল মিশনে মহিলা এনগেজমেন্ট টিমের নেতৃত্ব দিয়ে তিনি অত্যন্ত পেশাদারিত্ব এবং দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর এই সম্মান ভারতীয় শান্তিরক্ষী বাহিনীর সুনাম আরও বাড়াবে।

মেজর অভিলাষা বরাকের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের ক্রমবর্ধমান ভূমিকারও একটি বড় উদাহরণ। আন্তর্জাতিক মঞ্চে তাঁর এই সম্মান দেশের যুবসমাজ, বিশেষ করে তরুণীদের কাছে আগামী দিনের অনুপ্রেরণা হয়ে উঠবে। (Major Abhilasha Barak)

ভারত সফরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো, কলকাতায় সময় কাটিয়ে দিল্লিতে


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment