(NEET-UG) প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রের পদক্ষেপ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিয়ো বার্তায় আশ্বাসের পর ২৬ দিনের অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের। বৃহস্পতিবার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং তাঁর সঙ্গে দেখা করেন। তাঁদের উপস্থিতিতেই দীর্ঘ অনশন ভাঙেন ওয়াংচুক। কেন্দ্রের তরফে জানানো হয়, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বলপ্রয়োগ করা হবে না এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে FIR বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও সরকার ইতিবাচক মনোভাব নিয়েছে। (Sonam Wangchuk Ends Hunger Strike)
X এ বার্তা দিয়ে সিদ্ধান্ত জানালেন ওয়াংচুক
অনশন প্রত্যাহারের পর X হ্যান্ডেলে ওয়াংচুক জানান, কেন্দ্রীয় দুই মন্ত্রী এবং লেহ-লাদাখ অ্যাপেক্স বডির প্রবীণ নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভেঙেছেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সাংসদ তাঁকে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন বা সমর্থনসূচক চিঠিতে স্বাক্ষর করেছিলেন। দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য অশান্তির আশঙ্কার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে তিনি সমর্থকদের শান্তি বজায় রাখার আবেদন করেন এবং পরে একটি ভিডিয়ো বার্তায় সমস্ত শর্ত বিস্তারিতভাবে জানাবেন বলেও জানান। (Sonam Wangchuk Ends Hunger Strike)
মধ্যরাতে প্রধানমন্ত্রীর ভিডিয়ো বার্তা
এই ঘটনার কিছুক্ষণ আগেই গভীর রাতে নিজের সরকারি Instagram অ্যাকাউন্টে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, প্রশ্নফাঁস কোনও সাধারণ বিষয় নয়। লক্ষ লক্ষ পড়ুয়া এবং তাঁদের পরিবারের কাছে এটি অত্যন্ত কষ্টের। গত আড়াই মাসে সরকার দোষীদের গ্রেফতার করেছে এবং তারা বর্তমানে জেলে রয়েছে। পাশাপাশি কোনও পড়ুয়ার শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সেজন্য দ্রুত পরীক্ষা আয়োজন করা হয়েছে। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয় এবং ১৯ জুলাই ফল প্রকাশের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়াও শুরু হয়েছে। (Sonam Wangchuk Ends Hunger Strike)
প্রশ্নফাঁস বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের জন্য ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা
ফাস্ট-ট্র্যাক আদালত ও নতুন আইন
প্রধানমন্ত্রী জানান, শুধু পরীক্ষা নেওয়া বা ফল প্রকাশ করাই সরকারের লক্ষ্য নয়। ভবিষ্যতে যাতে প্রশ্নফাঁসের মতো ঘটনা আর না ঘটে, তার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে ফাস্ট-ট্র্যাক বিচারব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতেই সেই প্রস্তাব তাঁর কাছে জমা পড়ে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে তা আলোচনা হবে এবং মন্ত্রিসভার মতামতের ভিত্তয়ো তে চূড়ান্ত করে সংসদের চলতি অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ থেকেই কঠোর আইন আনার চেষ্টা করবে কেন্দ্র।
নাড্ডার আশ্বাস ও ক্ষতিপূরণের ইঙ্গিত
হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো-সহ অন্যদের উপস্থিতিতে সরকারের প্রতিশ্রুতি পড়ে শোনান জে পি নাড্ডা। তিনি জানান, ২০ জুলাই সংসদ অভিযানে অংশ নেওয়া বা যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা না করার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। পাশাপাশি শিক্ষা সংস্কার এবং প্রশ্নফাঁস রোধে সংসদে আলোচনার আশ্বাসও দেওয়া হয়েছে। নাড্ডা আরও জানান, সাম্প্রতিক NEET প্রশ্নফাঁসের ঘটনায় চরম সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়টিও সরকার বিবেচনা করছে।
রাহুলের কটাক্ষ
প্রধানমন্ত্রীর ভিডিয়ো বার্তার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধি X এ পোস্ট করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি ফের তোলেন। তাঁর অভিযোগ, মধ্যরাতের ভিডিয়ো বার্তায় শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ, আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর বলপ্রয়োগের দায়ে ব্যবস্থা এবং সরকারের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। (Sonam Wangchuk Ends Hunger Strike)
আন্দোলনের প্রেক্ষাপট
উল্লেখ্য, ককরোচ জনতা পার্টি (CJP)-র নেতৃত্বে ২০ জুন থেকে এই আন্দোলন শুরু হয়। NEET-UG পরীক্ষায় অনিয়মের তদন্ত, শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছিল। ২৮ জুন থেকে সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশনে বসেন। তাঁর শর্ত ছিল, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও FIR বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—এমন লিখিত আশ্বাস পেলেই তিনি অনশন ভাঙবেন। অনশনের ২৫তম দিনে হাসপাতাল থেকে প্রকাশিত ভিডিয়ো বার্তায় তিনি জানান, তাঁর ওজন প্রায় ১১ কেজি কমে গিয়েছে। তবুও শিক্ষার্থীদের স্বার্থেই তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। শেষ পর্যন্ত কেন্দ্রের আশ্বাসের পরই ২৬ দিনের অনশনের ইতি টানেন ওয়াংচুক। (Sonam Wangchuk Ends Hunger Strike)
আরও পড়ুন :- CJP আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদ, ছাত্র-যুবদের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের












2 thoughts on “ভিডিয়ো বার্তায় মোদির আশ্বাস, অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক”