রাজস্থানে রেললাইনে বিস্ফোরণ ঘটনার তদন্তে বড় সাফল্য পঞ্জাব পুলিশের। গত ৩ নভেম্বর রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় রেললাইনে বিস্ফোরণ ঘটে। এবার এই ঘটনায় সমনে এলো চাঞ্চল্য কর সব তথ্য। সূত্রের খবর, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর মদতপুষ্ট হয়ে নাশকতার ছক কষেছিলেন পঞ্জাবের এক তরুণী। এই ঘটনায় পঞ্জাব থেকে তরুণী-সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মহকদীপ কৌর (২১) ও দবিন্দর সিং (২৩)। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মহকদীপ কৌর প্রধান অভিযুক্ত এবং দবিন্দর সিং তার সহযোগী। প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে, মহকদীপ কৌর পাকিস্তানের এক হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তার সহযোগীকে সঙ্গে নিয়ে তিনি রেললাইনে এই বিস্ফোরণ ঘটিয়েছিলেন (punjab arrest isi honey trap)।
punjab arrest isi honey trap: পুলিশ কী বলছে?
পুলিশ জানিয়েছে, রাজস্থানের অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) এবং শ্রীগঙ্গানগর জেলার পুলিশ সুপার হরি শঙ্করের নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছিল। তদন্ত চলাকালীন বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গুরুদাসপুরের বাসিন্দা, মহকদীপ কৌর ও দবিন্দর সিং-কে গ্রেফতার করে পুলিশ। সমাজ মাধ্যমে ব্যবহৃত তাঁদের অ্যাকাউন্টগুলিও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারী আধিকারিক আইপিএস নীতিন চৌধুরী এবং বিকানের এটিএস ইউনিটের ইনচার্জ সুরেন্দ্র কুমারের নেতৃত্বে গঠিত তদন্তকারী দলটি তথ্য সংগ্রহের জন্য পঞ্জাবে যায়। পঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স উইং এবং গুরুদাসপুরের এসএসপি আদিত্যের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন তাঁরা। পুলিশ জানিয়েছে, মহকদীপ সরাসরি পাকিস্তানের দুই হ্যান্ডলারের সংস্পর্শে ছিলেন। ‘চাচা’ এবং ‘শাহ’ নামের ওই দুই হ্যান্ডলার প্রেমের ফাঁদ পেতে এবং অর্থের লোভ দেখিয়ে তাঁকে জালে জড়ায়।
ধৃতদের কাছ থেকে কী কী পাওয়া গেছে?
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৪৬টি তাজা কার্তুজ এবং ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, বিস্ফোরণের ঘটনায় এই অর্থ তাঁদের দেওয়া হয়েছিল। সূত্রের খবর, ৬ অক্টোবর অভিযুক্তরা প্রথমে রামসিংপুর থানা এলাকায় রেললাইনে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল তাঁরা। তবে সেইদিন সেই পরিকল্পনা তাঁদের ভেস্তে যায়। পরবর্তীতে, ১২-১৩ অক্টোবরও তাঁরা বিস্ফোরণ ঘটনোর চেষ্টা করেছিল। তবে সেটাও কাজ করেনি। অবশেষে, ৩ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে রেললাইনে বিস্ফোরণ ঘটানো সম্ভব হয়।
পুলিশ সূত্রে খবর, মহকদীপের স্বামী মাদক পাচারের অভিযোগে বর্তমানে জেলে বন্দি রয়েছেন এবং মহকদীপ স্বামীর থেকে আলাদা থাকতেন। তদন্তে জানা গেছে, রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য তিনি পাকিস্তানি হ্যান্ডলারদের কাছ থেকে টাকা পেয়েছিলেন।











