কেমব্রিজের একটি রেস্তরাঁয় প্রথম দেখা। সেখান থেকেই শুরু হয়েছিল রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর প্রেমের গল্প। সময়ের সঙ্গে সেই সম্পর্ক পরিণতি পেয়েছিল দাম্পত্যে। তাঁদের ভালোবাসার সাক্ষী ছিলেন পরিবারের সদস্যরাও। এমনই একাধিক ব্যক্তিগত স্মৃতি সোমবার প্রকাশ্যে আনলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নয়াদিল্লিতে মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের অনুষ্ঠানে বাবা-মায়ের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। শোনান ছোটবেলার মজার অভিজ্ঞতা থেকে শুরু করে রাজীব গান্ধীর মৃত্যুর পর মায়ের বদলে যাওয়ার কাহিনি।
বাবা-মায়ের একমাত্র ঝগড়ার সাক্ষী
রাহুল জানান, ছোটবেলায় বাবা-মায়ের মধ্যে মাত্র একবারই ঝগড়া হতে দেখেছিলেন তিনি ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। ঘটনাটি ঘটেছিল রাজীব গান্ধী যখন ফোনে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় সোনিয়া তাঁকে কিছু বলার চেষ্টা করেন। তিন-চারবার বলেও সাড়া না পেয়ে বিরক্ত হয়ে পড়েন তিনি। ফোনে ব্যস্ত থাকায় রাজীবও কিছুটা চাপে পড়েছিলেন। রাহুলের কথায়, সেটাই ছিল তাঁদের দেখা বাবা-মায়ের একমাত্র ঝগড়া। (Rajiv and Sonia Gandhi’s Love Story)
কেমব্রিজের সেই রেস্তরাঁর গল্প
রাজীব ও সোনিয়ার প্রথম দেখা হয়েছিল কেমব্রিজের ভার্সিটি রেস্তরাঁয়। বহু বছর পর নিজের বান্ধবীকে নিয়ে সেখানে গিয়েছিলেন রাহুল। রেস্তরাঁর কর্মীকে বাবা-মায়ের পরিচয়ের কথা জানাতেই তিনি তাঁদের চিনতে পারেন। খাবারের অভিজ্ঞতা নিয়েও মজা করেন রাহুল। জানান, সেখানে চিকেন চ্যাসার অর্ডার করেছিলেন তাঁরা। তবে খাবার তাঁর একেবারেই ভালো লাগেনি। মজা করে বলেন, কেউ প্রেমে পড়তে চাইলে ওই রেস্তরাঁয় যেতে পারেন, কিন্তু চিকেন চ্যাসার না খাওয়াই ভালো। (Rajiv and Sonia Gandhi’s Love Story)
রাজীবের মৃত্যুর পর বদলে যান মা
বক্তব্যের এক পর্যায়ে রাজীব গান্ধীর হত্যার প্রসঙ্গ তোলেন রাহুল। তাঁর কথায়, বাবা-মায়ের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু রাজীবের মৃত্যুর পর সোনিয়ার জীবন সম্পূর্ণ বদলে যায়। যে মা সবসময় হাসিখুশি থাকতেন, তাঁর সেই পরিচিত রূপ আর দেখা যায়নি। রাহুল বলেন, বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে মায়ের জীবনের আলোও যেন নিভে গিয়েছিল। তিনি আরও জানান, সোনিয়া চারবার ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন। কিন্তু মাকে কখনও ভয় পেতে বা কঠিন পরিস্থিতিতে পিছিয়ে যেতে দেখেননি।
কেন স্মৃতিকথা লিখলেন সোনিয়া?
সোমবার নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে প্রকাশিত হয় সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’। সোনিয়া জানান, তাঁর পরিবারকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা ভুল ও ভিত্তিহীন গল্প প্রচারিত হয়েছে। নিজের অভিজ্ঞতা ও পরিবারের প্রকৃত ছবিটা তুলে ধরতেই তিনি বইটি লিখেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, মীরা কুমার, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, অখিলেশ যাদব এবং বিজেপি নেতা অমরিন্দর সিং। হার্পারকলিন্স ইন্ডিয়া প্রকাশিত বইটি ১০ নভেম্বর বাজারে এসেছে। এতে সোনিয়ার ব্যক্তিগত জীবন ও দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। (Rajiv and Sonia Gandhi’s Love Story)













