হায়দরাবাদ ও মুম্বইয়ে মেটার অফিসের সামনে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। শুক্রবার হায়দরাবাদে মেটার অফিসে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে সংগঠনের কর্মীদের বিরুদ্ধে। ফুলের টব ভাঙচুর করা থেকে শুরু করে অফিস চত্বরে স্লোগান, বাদ যায়নি কিছুই। অন্যদিকে, মুম্বইয়েও মেটার অফিসের বাইরে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মীরা। দুই নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানিয়েছে সংগঠন। (Youth Congress Meta Office Protest)
কেন মেটার অফিসে বিক্ষোভ?
জানা গিয়েছে, যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব এবং জাতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ শর্মার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করেছে মেটা। এর প্রতিবাদেই শুক্রবার হায়দরাবাদের গাচিবৌলিতে মেটার অফিসে বিক্ষোভ দেখান তেলঙ্গানা যুব কংগ্রেসের কর্মীরা। সংগঠনের রাজ্য সভাপতি জাক্কিদি শিবচরণ রেড্ডির নেতৃত্বে এই বিক্ষোভ হয়। অফিসের করিডর ও ক্যাফেটেরিয়া এলাকায় কর্মীদের ঘোরাফেরা করতে দেখা যায়। কয়েকজনকে ফুলের টব ভাঙতেও দেখা যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে মেটাকে সাত দিনের সময়সীমা দিয়েছে যুব কংগ্রেস। তাদের দাবি, বিধিনিষেধ তুলে নিয়ে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও পোস্টগুলি ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি, গত ছয় মাসে সরকারের নির্দেশে কতগুলি ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, তার হিসাব প্রকাশ করতে হবে। রাহুল গান্ধীকে উল্লেখ করা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সমালোচনা করা পোস্টে কেন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, তারও ব্যাখ্যা চেয়েছে তারা। বিরোধী নেতা, সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের উপর থেকে বেআইনি বিধিনিষেধ তুলে নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠন। (Youth Congress Meta Office Protest)
মুম্বইয়েও বিক্ষোভ, অখিলেশের নিশানায় মেটা
একই দিনে মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ওয়ার্ল্ড ওয়ান ভবনে মেটার অফিসের বাইরে বিক্ষোভ দেখায় মুম্বই যুব কংগ্রেস। সংগঠনের সভাপতি জিনাত শাবরিনের নেতৃত্বে এই কর্মসূচি হয়। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্টারও পোড়ানো হয়। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও এই ঘটনায় মেটাকে নিশানা করেছেন। তাঁর বক্তব্য, বিদেশি সংস্থাগুলি ভারতে ব্যবসা করুক, রাজনীতি নয়। কোনও সংস্থার উচিত সকলের সঙ্গে সমান আচরণ করা। সরকারকেও বিদেশি সংস্থার ব্যবসায় অযথা রাজনৈতিক চাপ সৃষ্টি করা উচিত নয়।
বিজেপি ও বিআরএসের কড়া প্রতিক্রিয়া
এই ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী কংগ্রেসকে ‘গুন্ডাদের দল’ বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, বেসরকারি সংস্থার অফিসে ভাঙচুর চালিয়ে সেই ঘটনা আবার সমাজ মাধ্যমে প্রচার করছে যুব কংগ্রেস।অন্যদিকে, বিআরএস নেতা কে টি রামা রাও-ও এই ঘটনার সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, হায়দরাবাদে মেটার মতো সংস্থার অফিস থাকা শহরের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের প্রচেষ্টায় তৈরি ‘ব্র্যান্ড হায়দরাবাদ’-এর ভাবমূর্তি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাহুল গান্ধীকে নিশানা করে তাঁর প্রশ্ন, এভাবে কি ভারতে নতুন সংস্থা আনার চেষ্টা করছে কংগ্রেস?(Youth Congress Meta Office Protest)











