তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা TVK-র প্রধান সি জোসেফ বিজয় ওরফে অভিনেতা বিজয় থালপতি ও তাঁর স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গমের বিবাহবিচ্ছেদ ঘিরে চলা মামলায় নতুন মোড়। শুক্রবার, ৭ অগস্ট আদালতে নিজের দায়ের করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী সঙ্গীতা। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের কারণও জানান তিনি। এরপরই মামলাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গলপট্টু ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। দাম্পত্যে মতপার্থক্যের কারণ দেখিয়ে তিনি বিয়ে ভেঙে দেওয়ার আবেদন জানান। পাশাপাশি খোরপোশ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে যে বাড়িতে তাঁরা থাকেন সেখানে ভবিষ্যতেও থাকার অনুমতিও চেয়েছিলেন। (Vijay Sangeeta Divorce)
তবে মামলা দায়েরের পর থেকেই একাধিকবার শুনানি পিছিয়েছে। গত ১৫ জুনের শুনানিতেও সঙ্গীতা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেই কারণে সেদিনও শুনানি পিছিয়ে দেওয়া হয় এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল ৭ অগস্ট।
এর আগে গত মাসেও মামলার শুনানি স্থগিত হয়েছিল। সেদিন বিজয় বা সঙ্গীতা—কেউই আদালতে উপস্থিত ছিলেন না। তাঁদের আইনজীবীরা আদালতে হাজির হয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে সমস্যার কথা জানিয়েছিলেন। তবে শুক্রবারের শুনানিতে সঙ্গীতা নিজের সিদ্ধান্ত স্পষ্ট করার পর আদালত তাঁর আবেদন প্রত্যাহারের বিষয়টি গ্রহণ করে। ফলে বিজয়-সঙ্গীতার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলার আনুষ্ঠানিক সমাপ্তি হলো।
Vijay Sangeeta Divorce: প্রায় তিন দশকের সম্পর্ক
বিজয় ও সঙ্গীতার সম্পর্ক প্রায় তিন দশকের পুরনো। ১৯৯৯ সালের ২৫ অগস্ট চেন্নাইয়ে হিন্দু নিয়ম মেনেই তাঁদের বিয়ে হয়। ২০০০ সালের ২৬ অগস্ট তাঁদের প্রথম পুত্রসন্তানের জন্ম হয়। ২০০৫ সালে তাঁদের ঘরে আছে কন্যাসন্তানও।
তবে ২০২৩ সাল থেকেই তাঁদের দাম্পত্য নিয়ে নানা জল্পনা শুরু হয়। বিজয়ের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সঙ্গীতাকে দেখা না যাওয়ায় গুঞ্জন ছড়ায়। যদিও সেই সময় দাম্পত্যে সমস্যা থাকার খবর অস্বীকার করেন তাঁরা। তবে ২০২৫ সালে সেই জল্পনা ফের সামনে আসে।
ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে খুন করে টাকা নিয়ে চম্পট, দিল্লিতে নারকীয় হত্যাকাণ্ড
বিজয়ের রাজনৈতিক উত্থানের মধ্যেই দাম্পত্য নিয়ে চর্চা
অন্যদিকে, বিজয়ের ব্যক্তিগত জীবনের যখন এই ঘটনা ঘটছে তাঁর রাজনৈতিক জীবনেও বড় পরিবর্তন আসে। TVK তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে। এর ফলে দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনীতিতে প্রভাবশালী থাকা দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (DMK) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (AIADMK)-এর দীর্ঘ রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটে।এরপর কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (CPI), কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী), বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (VCK) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML)-এর সমর্থনে সরকার গঠন করে TVK। এর ফলে কয়েক দশক পর তামিলনাড়ুতে একটি জোট সরকার গঠিত হয়।
সঙ্গীতার বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহারের পর এখন বিজয় ও সঙ্গীতার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণাননের সম্পর্কের গুঞ্জনও সকলেরই জানা। এই আবহে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে নানা প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে দু’জনের পক্ষ থেকে বিস্তারিত কোনও মন্তব্য এখনও সামনে আসেনি।












