ভারতীয় রান্নায় লেবুর গুরুত্ব নতুন করে বলার কিছু নেই। চাট, ডাল, স্যালাড থেকে শুরু করে নানা রকম তরকারি—একটু লেবুর রসেই খাবারের স্বাদ যেন বদলে যায়। আবার লেবুর আচার কিংবা ঠান্ডা লেবুর শরবতেরও অনেকেরই পছন্দের। কিন্তু জানেন কি কর্ণাটকের এমন একটি শহর আছে, যেখানে লেবু শুধু রান্নাঘরের উপকরণ নয়, বরং স্থানীয় পরিচয়েরই একটা গুরুত্বপূর্ণ অংশ। ১০০-রও বেশি বছর ধরে সেখানে চাষ হচ্ছে বিশেষ এক ধরনের লেবু। সেই কারণেই জায়গাটি পরিচিত হয়েছে ‘লেবুর দেশ’ নামে।
কর্ণাটকের বিজাপুর জেলার ইন্ডি শহরকেই বলা হয় ‘Land of Lemons’ বা লেবুর দেশ। এখানকার বিশেষ কাগজি লেবু এতটাই পরিচিত যে এটি ‘ইন্ডি লাইম’ নামেও পরিচিত। ইন্ডি এবং আশপাশের সংলগ্ন এলাকায় প্রায় ১৯০০ সালের গোড়া থেকেই এই লেবুর চাষ হয়ে আসছে। কী বিশেষত্ব এখানকার লেবুর?
Land of Lemons: GI তকমা পেয়েছে ইন্ডি লেবু
ইন্ডি লেবুর সঙ্গে এলাকার দীর্ঘদিনের সম্পর্ক এবং এর নিজস্ব বৈশিষ্ট্যের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে এই লেবু Geographical Indication বা GI ট্যাগ পায়। কর্ণাটকের অন্যতম প্রধান লেবু উৎপাদনকারী জেলা বিজাপুর। রাজ্যের মোট লেবু উৎপাদনের প্রায় ৫৮ শতাংশ এই জেলা থেকেই আসে।
ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান বা ICAR-এর তথ্য অনুযায়ী, ইন্ডির কাগজি লেবুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর পাতলা খোসা। বাংলার ‘কাগজি’ নামটিও এসেছে এই কাগজের মতো পাতলা খোসা থেকেই। আর খোসা পাতলা বলেই এই লেবুতে প্রচুর রস থাকে। এর গন্ধ এবং স্বাদই এই লেবুকে বাকিদের থেকে আলাদা করেছে।
আচার থেকে শরবত, নানা কাজে ব্যবহার হয়
এই ইন্ডি লাইম যে শুধু বাড়ির রান্নাতেই ব্যবহৃত হয় এমন নয়। এই লেবুর রস দিয়ে শরবত, বিভিন্ন পানীয় এবং জুস কনসেনট্রেটও তৈরি করা হয়। পাশাপাশি আচার এবং নানা ধরনের খাবারেও এর ব্যবহার রয়েছে।
তবে খাবারের বাইরেও লেবুর বিভিন্ন অংশের নানা কাজে ব্যবহার শুরু হয়েছে। শুধু দেশের বাজারেই নয়, ধীরে ধীরে বিদেশেও পৌঁছতে শুরু করেছে ইন্ডির এই বিখ্যাত লেবু। ২০২৫ সালের অগস্টে GI-ট্যাগ পাওয়া ইন্ডি লাইমের প্রথম বাণিজ্যিক চালান করা হয় সংযুক্ত আরব আমিরশাহিতে রফতানি। পরে বাজারের চাহিদা বোঝার জন্য অস্ট্রেলিয়াতেও এর নমুনা পাঠানো হয়।
শিশুর জন্য রিটায়ারমেন্ট প্ল্যান ‘NPS Vatsalya’, মাত্র ২৫০ টাকা থেকেই শুরু করুন সঞ্চয়
১০০ বছরেরও বেশি পুরনো এই লেবুর চাষ
বিজাপুর অঞ্চলে লেবু চাষের ইতিহাস একশো বছরেরও বেশি পুরনো। ১৯০০ সালের গোড়া থেকেই এই এলাকায় লেবু চাষের চল রয়েছে। ধীরে ধীরে ইন্ডি এই চাষের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। মূলত এই এলাকার কালো দোআঁশ মাটি এবং শুষ্ক আবহাওয়াই লেবু চাষের জন্য উপযোগী বলেই মনে করা হয়। আজও ইন্ডির সঙ্গে লেবু চাষের সম্পর্ক এতটাই গভীর যে সেখানেই গড়ে উঠেছে ‘কর্ণাটক স্টেট লাইম ডেভেলপমেন্ট বোর্ড’-এর সদর দফতর।
দীর্ঘদিনের চাষের ঐতিহ্য, এলাকার মাটি-আবহাওয়া এবং লেবুর নিজস্ব বৈশিষ্ট্য—সব মিলিয়েই কর্ণাটকের ইন্ডি পেয়েছে ‘লেবুর দেশ’-এর পরিচয়। শতবর্ষ পেরিয়েও চাষ হয়ে আসা সেই লেবু এখন GI স্বীকৃতি পেরিয়ে দেশের বাইরেও নিজের জায়গা তৈরি করছে।











