প্রোটিন মানেই যে শুধু ডিম, মাছ বা মাংস এমনটা কিন্তু নয়। নিরামিষ খাবার থেকেও শরীরের প্রয়োজনীয় প্রোটিন পাওয়া সম্ভব। আর সেই কথাই নিজের ‘South Indian Protein Project’-এর মাধ্যমে তুলে ধরছেন ফুড ইনফ্লুয়েন্সার ডক্টর প্রার্থনা ভাট। তাঁর সাম্প্রতিক রেসিপি ম্যাঙ্গালোরিয়ান স্টাইলের সোয়াবিন গ্যাসি, যা থেকে প্রায় ৪০ গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যেতে পারে।
দক্ষিণ ভারতীয় রান্না বললেই আমাদের মাথায় আসে ইডলি, ধোসা, ভাত কিংবা নারকেল দেওয়া নানা পদ। কিন্তু নিরামিষ খাবারে প্রোটিনের পরিমাণ বাড়ানো অনেকের কাছেই চ্যালেঞ্জের। সেই সমস্যার সহজ সমাধান হিসেবেই সয়াবিন, মটরশুঁটি এবং আলু দিয়ে তৈরি এই গ্যাসি বা তরকারি। তাহলে দেখে নিন কীভাবে বানাবেন এই রেসিপি।
রইল Soybean Gassy-র রেসিপি
এই পদে ব্যবহার করা হয় শুকনো সোয়াবিন। দু’কাপ সোয়াবিন সারা রাত জলে ভিজিয়ে রেখে হলুদ, নুন ও জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে হবে। এরপর এতে মটরশুঁটি ও টুকরো করে কাটা আলু দিয়ে ভালো করে রান্না করতে হবে।
এরপর আসে ম্যাঙ্গালোরিয়ান স্বাদের আসল রহস্য তার মশলা। শুকনো কড়াইয়ে কম আঁচে লঙ্কা, ধনে, জিরে, সাদা বিউলির ডাল, মেথি এবং কারিপাতা ভেজে নিতে হবে। এর সঙ্গে দিতে হবে নারকেল ও তেঁতুল। সামান্য হিং দিয়ে সবটা বেটে তৈরি করতে হবে মশলার পেস্ট। সেটিই সোয়াবিন, মটরশুঁটি ও আলুর সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি তরকারি।
শেষে নারকেল তেলে সর্ষে, কারিপাতা, রসুন এবং সামান্য হিংয়ের ফোড়ন দিয়ে তা তরকারির উপর ঢেলে দিলেই রান্না সম্পূর্ণ।
ফের বিষ মদের বলি, মধ্যপ্রদেশে মৃত ৯; অসুস্থ বহু
এক প্লেটেই ভরপুর প্রোটিন
শুধু এই তরকারিতেই প্রায় ৩৮-৪০ গ্রাম প্রোটিন থাকতে পারে। আর তার সঙ্গে এক কাপ ব্রাউন রাইসের ভাত বা দুটি রুটি রান্না করে খেলে প্রোটিনের পরিমাণ ৪৩-৪৫ গ্রাম পর্যন্ত হতে পারে। (Soybean gassy)
তাই প্রোটিন মানে আমিষ এই ধারণা ভুল। নিরামিষ আহার গ্রহণকারীদের জন্যও রয়েছে একাধিক প্রোটিনের উৎস। এই দক্ষিণ ভারতীয় তরকারি তার মধ্যে অন্যতম। তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন ম্যাঙ্গালোরিয়ান সোয়াবিন গ্যাসি।












1 thought on “নিরামিষ তরকারিতেই লুকিয়ে প্রোটিনের উৎস, আপনিও বাড়িতেই বানান এই সুস্বাদু রেসিপি”