এশিয়ান গেমস শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। তার আগেই জাপানে তৈরি হয়েছে চরম অব্যবস্থা। বিমানবন্দরে পৌঁছে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বিভিন্ন দেশের অ্যাথলিট ও আধিকারিকদের। থাকার ঘর থেকে শুরু করে যাতায়াত, এমনকি খাবার নিয়েও সমস্যার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে ভারতীয় দলও।
Asian Games 2026: তথ্য না মেলায় আটকে অ্যাথলিটরা
চুবু সেন্ট্রেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের আইচি স্কাই এক্সপোতে পৌঁছনোর পরই সমস্যায় পড়েন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। অ্যাথলিটদের তথ্য অন-সাইট সিস্টেমে না মেলায় অনেকেই নির্ধারিত শাটল বাসে উঠতে পারেননি। ফলে বিমানবন্দর থেকে তাঁদের হোটেলে পৌঁছতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সমস্যার সঠিক কারণ অবশ্য আয়োজকদের তরফে জানানো হয়নি।
চিনের জিমন্যাস্টিক্স দলের ২১ জন সদস্যের মধ্যে মাত্র দু’জনের তথ্য সিস্টেমে পাওয়া যায় বলে জানা গিয়েছে। ফলে পুরো দলটিকেই প্রায় ছ’ঘণ্টা অপেক্ষা করতে হয়। চিনের ব্যাডমিন্টন দলও পর্যাপ্ত টিকিট না পাওয়ায় বাসে যেতে পারেনি। পরে চিনের কনস্যুলেটের সাহায্যে গাড়ির ব্যবস্থা করা হয়।
চিন, কাজাখস্তান, শ্রীলঙ্কার দলও ভোগান্তিতে
চিনের একাধিক দলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। টেবিল টেনিস, উশু ও রোয়িং দলের কয়েকজন সদস্য বিকেল ৫টার দিকে বাস পান। জিমন্যাস্টিক্স দল রওনা দেয় সন্ধ্যা ৬টার দিকে। কাজাখস্তানের শুটিং দলও দু’ঘণ্টার বেশি অপেক্ষা করে। শ্রীলঙ্কার এক আধিকারিক জানান, তাঁদের প্রতিযোগীদের অন্তত ২৪ ঘণ্টা লেগেছে গন্তব্যে পৌঁছতে।
এখানেই শেষ নয়, এই দীর্ঘ অপেক্ষার সময় ভেন্যুতে শুধুমাত্র পানীয় জল দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ। কোনও খাবারের ব্যবস্থা ছিল না। পরিস্থিতি নিয়ে এক স্বেচ্ছাসেবক জানান, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবেই এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
রাশিয়ার থেকে তেল কিনলেই ১০০% কর, আমেরিকার নতুন আইনে চাপে ভারত
ঘর পেতে সমস্যায় ভারতীয় দলও
অন্যদিকে জাপানে পৌঁছে ভারতীয় অ্যাথলিট ও আধিকারিকদেরও থাকার জায়গা পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বলে সূত্রের খবর। কয়েকজনের আগে থেকে বুক করা ঘর বাতিল হয়েছে বলেও জানা গিয়েছে। পরিস্থিতি সামলাতে ভারতের তরফে অতিরিক্ত ১৫টি ঘর বুক করেছেন বলে সূত্রের দাবি। (Asian Games 2026)
সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে ভারতীয় শুটিং দল। কারণ ২০ সেপ্টেম্বর থেকেই তাঁদের প্রতিযোগিতা শুরু। সূত্রের দাবি, প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছতেই ভারতীয় শুটারদের কারও কারও দু’ঘণ্টার বেশি সময় লাগছে।
খাবার ও থাকার ব্যবস্থা নিয়েও প্রশ্ন
যাতায়াত ও থাকার পাশাপাশি খাবার নিয়েও সমস্যার অভিযোগ উঠেছে। কয়েকটি ভেন্যুতে পানীয় জল ছাড়া পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নেই বলে জানা গিয়েছে। ফলে প্রতিযোগিতা শুরুর আগেই অ্যাথলিটদের প্রস্তুতি ও বিশ্রাম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, এবারের এশিয়ান গেমসে ৪৫টিরও বেশি দেশের প্রায় ১১ হাজার অ্যাথলিট অংশ নেবেন। অ্যাথলিট ভিলেজ না থাকায় প্রায় ৫ হাজার অ্যাথলিট ও আধিকারিকের থাকার ব্যবস্থা করা হয়েছে কোস্টা সেরেনা নামে একটি ইতালীয় জাহাজে। বাকিদের হোটেল ও অস্থায়ী কাঠের তৈরি ঘরে রাখা হবে।
আয়োজকরা প্রথমে ১৫ হাজার অ্যাথলিট ও আধিকারিকের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু অগস্ট নাগাদ সেই সংখ্যা বেড়ে প্রায় ১৭ হাজারে পৌঁছয়। এই বস্থায় ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়ান গেমসের আগে এই বাড়তি চাপ সামলানো নিয়েই এখন তৈরি হয়েছে প্রশ্ন।












1 thought on “এশিয়ান গেমস শুরুর আগেই জাপানে চরম বিশৃঙ্খলা, সমস্যায় ভারতীয় দলও”