দুপুরে খাওয়ার পর সবেমাত্র একটু চোখ লেগেছে, কিংবা অফিসের বসের সঙ্গে জরুরি মিটিংয়ে বসেছেন, হয়তো ট্রাফিকের মধ্যে বাইক চালাচ্ছেন— ঠিক তখনই বেজে উঠল ফোন। স্ক্রিনে অচেনা নম্বর দেখে ধরতেই ওপার থেকে মিষ্টি গলায় ভেসে এল, “নমস্কার স্যর, আপনার জন্য একটি প্রি-অ্যাপ্রুভড লাইফটাইম ফ্রি ক্রেডিট কার্ডের অফার আছে…” অথবা “স্যর, আপনার কি পার্সোনাল লোন লাগবে?” (Spam Calls)
রোজকার জীবনের এই চরম বিরক্তি থেকে মুক্তি পেতে আমরা অনেকেই নম্বর ব্লক করি। কিন্তু একটা নম্বর ব্লক করলে, টেলিকলাররা অন্য নম্বর থেকে ফোন করে। এই ‘স্প্যাম কল’ বা অবাঞ্ছিত ফোনের হাত থেকে চিরতরে বাঁচার কি সত্যিই কোনও উপায় আছে? (Spam Calls)
তারা আপনার নম্বর পায় কোথা থেকে?
অনেকেরই মনে প্রশ্ন জাগে, “আমি তো কাউকে নম্বর দিইনি, তাহলে এরা আমার নম্বর পেল কোথায়?” একটু ভেবে দেখুন তো— শপিং মলে বিল মেটানোর সময়, কোনো ওয়েবসাইটে ফ্রিতে কিছু পড়ার সময় বা রাস্তায় কোনও লাকি ড্রয়ের কুপন ফিলআপ করার সময়ে আপনি নিজের মোবাইল নম্বর দিয়েছিলেন কি না। মূলত এই জায়গাগুলো থেকেই আপনার নম্বর চলে যায় থার্ড-পার্টি ডেটা ব্রোকারদের হাতে। এরপর সেই নম্বর মোটা টাকার বিনিময়ে বিক্রি হয় বিভিন্ন কোম্পানির কাছে, আর শুরু হয় স্প্যাম কলের বন্যা। (Spam Calls)
কীভাবে পাবেন চিরস্থায়ী মুক্তি?
TRAI-এর DND পরিষেবা: অবাঞ্ছিত কল বন্ধ করার সবচেয়ে কার্যকরী সরকারি উপায় হলো Do Not Disturb বা DND চালু করা।
আপনার ফোনের মেসেজ বক্স খুলে টাইপ করুন START 0 (সবগুলো বড় হাতের অক্ষরে এবং মাঝে একটি স্পেস)।
এরপর মেসেজটি পাঠিয়ে দিন 1909 নম্বরে।
এটি হলো ‘ফুল ব্লকিং’ অপশন। ব্যাঙ্কের দরকারি ওটিপি (OTP) বা মেসেজ ছাড়া সমস্ত রকম প্রোমোশনাল কল এবং মেসেজ আসা ২৪ ঘণ্টার মধ্যে পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে। (Spam Calls)
TRAI-এর DND অ্যাপের ব্যবহার: যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা গুগল প্লে-স্টোর থেকে সরাসরি TRAI DND 3.0 অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনার নম্বরটি ডিএনডি রেজিস্ট্রিতে যুক্ত করতে পারবেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো, ডিএনডি চালু থাকার পরেও যদি কোনো স্প্যাম কল আসে, তবে এই অ্যাপ থেকেই সরাসরি সেই নম্বরের বিরুদ্ধে অভিযোগ জানানো যায়। নিয়ম ভাঙলে ওই টেলিকলারের নম্বর চিরতরে ব্লক করে দেয় সরকার এবং সংস্থাকে জরিমানাও করা হয়। (Spam Calls)
স্মার্টফোনের নিজস্ব স্প্যাম ফিল্টার
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের ফোনে যদি গুগল ডায়ালার (Google Phone) বা ট্রু-কলার (Truecaller) অ্যাপ থাকে, তবে তার সেটিংসে গিয়ে ‘Block Spam and Scam Calls’ বা ‘Block top spammers’ অপশনটি অন করে দিন। এতে বিরক্তিকর কলগুলো আপনার ফোন বাজার আগেই নিজে থেকে ব্লক হয়ে যাবে এবং আপনি শুধু একটি সাইলেন্ট নোটিফিকেশন পাবেন।
আইফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ ফিচার: যাঁরা আইফোন ব্যবহার করেন, তাঁদের জন্য দারুণ একটি ইন-বিল্ট ফিচার রয়েছে। ফোনের Settings-এ গিয়ে Phone অপশনে যান। সেখানে Silence Unknown Callers অপশনটি অন করে দিন। এর ফলে আপনার ফোনে সেভ করা নেই এমন কোনও অচেনা নম্বর থেকে ফোন এলে ফোন আর বাজবে না, সরাসরি সাইলেন্ট হয়ে যাবে। তবে জরুরি কলের ক্ষেত্রে এটি একটু অসুবিধাজনক হতে পারে। (Spam Calls)
১৪০ (140) সিরিজের দিকে নজর রাখুন:
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, লোন বা ক্রেডিট কার্ড বিক্রির মতো বৈধ প্রোমোশনাল কলগুলো সর্বদা ‘১৪০’ (140) দিয়ে শুরু হয়। তাই ফোনের স্ক্রিনে ১৪০ দিয়ে শুরু কোনও নম্বর ভাসতে দেখলেই বুঝবেন সেটি স্প্যাম কল, ফলে রিসিভ না করে সরাসরি কেটে দিতে পারেন।
তবে এখন স্প্যামাররা আরও একটি রাস্তা বেছে নিয়েছে। তারা ব্যক্তিগত নম্বর থেকে ফোন করে। এতে নম্বরটি দেখে আপনার মনে হবে কোনও ব্যক্তি আপনাকে ফোন করছে। কিন্তু বাস্তবে ছবিটা অন্য।
আজকের টোটকা
শপিং মল বা সুপারমার্কেটে কেনাকাটার পর বিল মেটানোর সময় ক্যাশিয়ার ডিসকাউন্ট বা অফারের লোভ দেখিয়ে আপনার ফোন নম্বর চায়? খুব জরুরি না হলে সেখানে নম্বর দেওয়া এড়িয়ে চলুন। অনেকক্ষেত্রে এই নম্বরগুলো মোটা টাকার বিনিময়ে বিক্রি হয়। সেটা এড়াতে অপ্রয়োজনীয় জায়গায় নম্বর দেবেন না। (Spam Calls)
আরও পড়ুন :- ১৩ বছরের নীচে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে নিষেধাজ্ঞার প্রস্তাব











