বর্তমানে UPI-এর মাধ্যমে টাকা লেনদেন করা দেশের কোটি কোটি মানুষের নিত্যদিনের অভ্যাস। কিন্তু এতদিন টাকা পাঠানোর সময় বা পাওয়ার সময় অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীর মোবাইল নম্বর অন্যজনের সামনে চলে আসত। এতে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থেকেই যেত। এবার সেই সমস্যার সমাধানেই বড় পদক্ষেপ করতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।
UPI Payment Privacy Update: কী নির্দেশ দিয়েছে NPCI?
NPCI ইতিমধ্যেই সমস্ত ব্যাঙ্ক এবং UPI অ্যাপকে ব্যবহারকারীদের মোবাইল নম্বর আড়াল করার নির্দেশ দিয়েছে। সরকারও চায় এই পরিবর্তন দ্রুত কার্যকর হোক। এজন্য ব্যাঙ্ক ও UPI পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে নতুন নিয়ম কার্যকর করার প্রস্তুতিও নিতে বলা হয়েছে।
কীভাবে বদলাবে UPI ব্যবহার?
নতুন নিয়ম চালু হলে আর পুরো মোবাইল নম্বর দেখা যাবে না। প্রয়োজনে শুধু শেষ চারটি সংখ্যা দেখা যাবে। এছাড়াও UPI আইডি, মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ তথ্যও আড়াল করে রাখা হবে। QR কোড স্ক্যান করে টাকা পাঠানোর পরেও প্রাপক বা প্রেরকের মোবাইল নম্বর আর দেখা যাবে না।
কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত?
গত কয়েক মাসে বহু ব্যবহারকারী অভিযোগ করেছিলেন, UPI লেনদেনের সময় মোবাইল নম্বর দেখা যাওয়ায় অচেনা লোকজন সহজেই সেই নম্বর পেয়ে যাচ্ছেন। এতে অযাচিত ফোন, ম্যাসেজ, বিভিন্ন স্ক্যামের ঝুঁকিও বাড়ছে।এই অভিযোগগুলির পরেই NPCI নতুন গোপনীয়তা নীতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
কিনতে হবে না, মাসিক কিস্তিতে লিজে মিলবে iPhone, iPad ও Mac
ফোন নম্বর ছাড়াও হবে UPI পেমেন্ট?
হ্যাঁ, নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা এমন UPI আইডি তৈরি করতে পারবেন, যা তাদের মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত থাকবে না। ফলে মোবাইল নম্বর প্রকাশ না করেও সহজে UPI-র মাধ্যমে টাকা পাঠানো বা গ্রহণ করা যাবে।
এই পরিবর্তনের পিছনে রয়েছে ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (DPDP) আইন। এই আইনের লক্ষ্য হলো মানুষের ব্যক্তিগত তথ্য আরও নিরাপদ রাখা। তাই ব্যাংক ও UPI অ্যাপগুলিকে এমন ব্যবস্থা করতে বলা হচ্ছে, যাতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অযথা অন্য কারও কাছে প্রকাশ না হয়।
গ্রাহকদের কী সুবিধা হবে?
- নতুন নিয়ম চালু হলে UPI ব্যবহার আরও নিরাপদ হবে।
- মোবাইল নম্বর প্রকাশের ঝুঁকি কমবে, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে এবং প্রতারণা বা অযাচিত যোগাযোগের সম্ভাবনাও অনেকটাই কমে যাবে।
- ফলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থাও আরও বাড়বে।











