আজকাল পড়াশোনা, অফিস, অনলাইন ক্লাস, সিনেমা দেখা থেকে শুরু করে গেমিং—সবকিছুর জন্যই ভালো ইন্টারনেট পরিষেবা দরকার। কিন্তু শুধু দ্রুতগতির ব্রডব্যান্ড থাকলেই হবে না, তার সঙ্গে দরকার ভালো মানের একটি রাউটারও। ঠিকঠাক রাউটার না কিনলে অনেক সময়ই ইন্টারনেটের গতি কমে যেতে পারে, বারবার সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, এমনকি বাড়ির সব জায়গায় নেটওয়ার্কও নাও পৌঁছাতে পারে। তাই নতুন রাউটার কেনার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন। (Tech Tips)
১. নতুন Wi-Fi প্রযুক্তির রাউটার বেছে নিন
এখন বাজারে Wi-Fi 6 সবচেয়ে জনপ্রিয়। আর বাজেট একটু বেশি হলে Wi-Fi 6E বা Wi-Fi 7 রাউটার কিনতে পারেন। এগুলো দ্রুত গতি দেয় এবং ভবিষ্যতের জন্যও ভালো।
২. ডুয়াল ব্যান্ড হলে ভালো
শুধু 2.4GHz নয়, 2.4GHz ও 5GHz—দুই ব্যান্ডই রয়েছে এমন ডুয়াল ব্যান্ড রাউটার কিনুন। এতে একই সঙ্গে একাধিক ডিভাইস ব্যবহার করলেও ইন্টারনেট তুলনামূলক স্থিতিশীল থাকে।
৩. নিজের প্রয়োজন অনুযায়ী স্পিড বেছে নিন
যদি শুধু সাধারণ ব্রাউজিং করেন, তাহলে সাধারণ রাউটারই যথেষ্ট। তবে 4K ভিডিয়ো দেখা, অনলাইন গেমিং বা একসঙ্গে অনেক ডিভাইস চালানোর জন্য AX1800, AX3000 বা তার বেশি ক্ষমতার রাউটার নেওয়াই ভালো।
৪. বাড়ি বড় হলে মেশ রাউটার বাছুন
অনেক সময় দেখা যায় এক ঘরে নেট ভালো থাকলেও অন্য ঘরে সিগন্যাল দুর্বল হয়ে যায়। বড় বাড়ি বা অফিসের জন্য মেশ (Mesh) রাউটার ভালো বিকল্প হতে পারে।
৫. গিগাবাইট পোর্ট আছে কি না দেখুন
যদি কম্পিউটার, স্মার্ট টিভি বা গেমিং কনসোল তার দিয়ে সংযোগ করতে চান, তাহলে রাউটারে গিগাবাইট LAN ও WAN পোর্ট থাকা জরুরি। এতে দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যায়।
নেট স্লো? ওয়াইফাইয়ে এই ভুলগুলো করছেন না তো?
৬. নিরাপত্তার বিষয়টি ভুলবেন না
ভালো রাউটারে WPA3 সিকিউরিটি, ফায়ারওয়াল এবং গেস্ট নেটওয়ার্কের সুবিধা থাকা উচিত। এতে আপনার ব্যক্তিগত নেটওয়ার্ক অনেক বেশি নিরাপদ থাকবে।
৭. একসঙ্গে বেশি ডিভাইস চালাবেন? এই ফিচার জরুরি
বাড়িতে যদি অনেক স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি বা অন্যান্য স্মার্ট ডিভাইস একসঙ্গে ব্যবহার হয়, তাহলে MU-MIMO ও OFDMA প্রযুক্তিযুক্ত রাউটার বেছে নিন। এতে গতি কমে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে।
৮. ভালো ব্র্যান্ড ও ওয়ারেন্টি দেখুন
TP-Link, ASUS, Netgear-এর মতো বিশ্বস্ত ব্র্যান্ডের রাউটার কিনলে পরিষেবা ও আপডেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। পাশাপাশি অন্তত ২ থেকে ৩ বছরের ওয়ারেন্টি আছে কি না, সেটাও দেখে নিন।
রাউটার ব্যবহারেও মেনে চলুন কিছু নিয়ম
১. রাউটার বাড়ির মাঝামাঝি খোলা জায়গায় রাখুন, তাহলে সিগন্যাল ভালো পাবেন।
২. সময়ে সময়ে রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন।
৩. যেসব ফিচার ব্যবহার করেন না, সেগুলো বন্ধ রাখলে পারফরম্যান্স ভালো থাকে।
৪. শুধু দাম দেখে নয়, নিজের প্রয়োজন ও বাজেট অনুযায়ী রাউটার কিনুন। (Tech Tips)
মনে রাখবেন, ভালো ইন্টারনেটের জন্য শুধু দ্রুতগতির ব্রডব্যান্ডই যথেষ্ট নয়। সঠিক রাউটার বেছে নিতে পারলেই বাড়ি বা অফিসে মিলবে আরও দ্রুত, নিরাপদ এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেটের অভিজ্ঞতা।











