দু’দিনের উত্তরবঙ্গ সফরে এসে একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত নিরাপত্তা আরও শক্ত করা, নতুন পরিকাঠামো তৈরি এবং উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্য প্রান্তের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার বিষয়ে একাধিক প্রকল্পের কথা তুলে ধরলেন তিনি। শুক্রবার শিলিগুড়ির রানিডাঙায় সশস্ত্র সীমা বল (SSB)-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সদর দফতরে প্রায় ১৮৯ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা।
চোপড়া-কিষাণগঞ্জ-ধুবড়ি নিয়ে বিশেষ নিরাপত্তা
এদিন অমিত শাহের ঘোষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল চোপড়া, কিষাণগঞ্জ এবং ধুবড়িকে ঘিরে একটি বিশেষ ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরির পরিকল্পনা। সীমান্তবর্তী এই অঞ্চলগুলির মধ্যে নিরাপত্তা সমন্বয় বাড়ানো এবং অপরাধমূলক কার্যকলাপের উপর নজরদারি আরও কড়া করাই এই ব্যবস্থার অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
শুধু নিরাপত্তা নয়, উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকেও নতুন করে সাজানোর পরিকল্পনার কথা সামনে এসেছে। উত্তরবঙ্গে হাই-স্পিড রেল পরিষেবা চালুর সম্ভাবনা নিয়েও বড় বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের যোগাযোগ আরও দ্রুত ও সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে। (Amit Shah North Bengal Tour)
সীমান্তে পরিকাঠামো উন্নয়নেও জোর
শিলিগুড়িতে অমিত শাহের কর্মসূচির বড় অংশ জুড়েই ছিল সীমান্ত নিরাপত্তা। এদিন সশস্ত্র সীমা বলের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়। সেই সব প্রকল্পে সীমান্তে থাকা নিরাপত্তারক্ষীদের জন্য পরিকাঠামো, আবাসন এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা বাড়ানোর উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এছাড়াও এদিন তিনি জানান, আগামীদিনে ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ২.০’-এর অধীনে ৬,৮৩৯ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও ভুটান সীমান্তবর্তী গ্রামগুলির পরিকাঠামো আরও উন্নত করা হবে। পাশাপাশি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় শিলিগুড়ি ও জলপাইগুড়ি স্টেশনকে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ বিশ্বমানের রেলস্টেশনে গড়ে তোলার কাজ চলছে।
এদিন তিনি ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে ঘোষিত দিল্লি-শিলিগুড়ি হাই-স্পিড রেল করিডোরের বিষয়টিও তুলে ধরেন। তাঁর দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরের মধ্যেই দিল্লি থেকে মাত্র কয়েক ঘণ্টায় শিলিগুড়িতে পৌঁছানো সম্ভব হবে। এর ফলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলবে।
বন্যা থেকে স্থায়ী মুক্তির পথে আরামবাগ, ১২০০ কোটির মাস্টার প্ল্যান ঘোষণা মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, শিলিগুড়ি করিডর দেশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। ফলে এই অঞ্চলে নিরাপত্তা ও যোগাযোগ সামান্য ফাঁকও বড় সমস্যার কারণ হতে পারে। সেই কারণেই সীমান্ত পাহারা, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দিচ্ছে কেন্দ্র। (Amit Shah North Bengal Tour)
সব মিলিয়ে অমিত শাহের উত্তরবঙ্গ সফরে পাহাড়ের নিরাপত্তা এবং উন্নয়ন—দুই দিকই সমান গুরুত্ব পেয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তার বলয় আরও শক্ত করার পাশাপাশি রেল ও অন্যান্য পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে উত্তরবঙ্গকে আরও দেশের মূল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে আরও সরাসরি যুক্ত করার পরিকল্পনারই ইঙ্গিত মিলেছে।








