আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের দিন রাজ্যে পালন হবে ‘অন্নপূর্ণা দিবস’। এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দিনটিতে রাজ্যের সমস্ত জেলায় অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা প্রাপক মহিলাদের নিয়ে দিনটি বিশেষভাবে পালন করা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা দিবস উপলক্ষে তিনি নিজে কলকাতায় প্রায় এক লক্ষ মহিলাদের সঙ্গে নিয়ে একটি বিশাল জনসভা ও অনুষ্ঠানের আয়োজন করবেন (Annapurna Diwas)।
আজ ভবানীপুরে আয়োজিত অন্নপূর্ণা প্রকল্পের এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান থেকে তিনি এই বিশেষ কর্মসূচির কথা জানান। মুখ্যমন্ত্রীর আশ্বাস, আরও ২৫ থেকে ৩০ লক্ষ মহিলা এই যোজনার যোগ্য হলে তাঁদেরও এই আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার।
Annapurna Diwas: আর কী বললেন মুখ্যমন্ত্রী?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Annapurna Diwas) বলেন, “আজ সাড়ে ১৪ হাজার মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকে গেছে। ভবানীপুর বিধানসভায় মোট ১৭ হাজার মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এরপরেও যদি আরও যোগ্য কেউ বাকি থাকেন, ৩১ জুলাইয়ের মধ্যে পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা-বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর ওপর রাখবেন।”
‘অন্নপূর্ণা দিবস’ ঘোষণা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী ১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিন। ওই দিন পশ্চিমবঙ্গ জুড়ে আমরা ‘অন্নপূর্ণা দিবস’ পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবেন। আমি কলকাতাতে এক লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সভা করব এবং মোদীজির জন্মদিন পালন করব।”
শহরতলি থেকে জেলা, ফর্ম ফিলআপ করেও অ্যাকাউন্টে টাকা না ঢোকায় সরকারি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের মহিলারা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












1 thought on “প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যে ‘অন্নপূর্ণা’ দিবস পালন, ঘোষণা মুখ্যমন্ত্রীর”