ভয় দেখানো, গরম-নরম কথা বলার অভিযোগ আগেই ছিল বীরভূমের কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে। এবার সরাসরি ইট চুরির অভিযোগে জড়ালেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বছর চারেক আগের ঘটনায় শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের হলো।
সূত্রের খবর, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার জেরে এবার বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বিরুদ্ধে সরাসরি শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের হলো। তৎকালীন জেলাশাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হয়েও অতীতে কোনও সুরাহা পাননি আদিত্যপুরের ‘লায়ন ব্রিক ফিল্ড’-এর মালিক শুভেন্দু বিকাশ মণ্ডল। প্রাণ ভয়ে দীর্ঘদিন ধরে চুপ করে ছিলেন। সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, ‘ডবল ইঞ্জিন’ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর আশ্বস্ত হয়েছেন তিনি। সুবিচারের আশায় অভিযোগ দায়ের করলেন ওই ব্যবসায়ী।
কী অভিযোগ ছিল?
২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর কঙ্কালীতলা পঞ্চায়েতের উপ-প্রধান মামন শেখের নেতৃত্বে হাতে বোমা-বন্দুক নিয়ে প্রায় ১০০টি ট্রাক্টর নিয়ে তৃণমূল কর্মীরা ওই ইট ভাটায় চড়াও হয়। প্রাণভয়ে মালিক ও কর্মীরা কোপাই নদীর তীর ধরে পালালে, অনুব্রতর নির্দেশে প্রায় ৩ লক্ষ ইট লুট করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
ব্যবসায়ীর অভিযোগ, তিনি বিজেপি সমর্থক বলেই আর তাঁদের দাবি মতন তোলা না দেওয়ায় তাণ্ডব চালানো হয়। আর এই অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানা অনুব্রত মণ্ডল ও মামন শেখ সহ ১৩ জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে।
অভিযোগের তির যে নেতার দিকে, সেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতারা কোথায়? উঠছে প্রশ্ন। বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এই বিষয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়েছেন। এই মুহূর্তে তিনি কলকাতায় আছেন এবং এই সম্পর্কীত কোনও কথার উত্তর দেবেন না বলে জানান। অন্যদিকে এই ব্যবসায়ীর লিখিত অভিযোগের পরই তদন্ত শুরু করেছে পুলিশ।











