আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ফুটবল বিশ্বের সবচেয়ে বড় লড়াই, বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। সেই ফুটবল উন্মাদনাকেই ঘিরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অনুষ্ঠিত হলো একদিনের মহিলা নকআউট ফুটবল টুর্নামেন্ট (Balurghat Women’s Football Tournament)। রবিবার বালুরঘাটের ফ্রেন্ডস ইউনিয়ন ময়দানে বালুরঘাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলা ফুটবলাররা অংশ নেন।
কুমারগঞ্জ, কুশমণ্ডি, পতিরাম, ত্রিমোহিনী, বালুরঘাট-সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার মোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ার পর শুরু হয় সেমিফাইনালের লড়াই। মাঠে উপস্থিত দর্শকদের সামনেই ফুটবলাররা নিজেদের দক্ষতা ও লড়াইয়ের মানসিকতার পরিচয় দেন। বিশ্বকাপ ফাইনালের আবহে এমন প্রতিযোগিতা ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
বালুরঘাট ফুটবল একাডেমির হেড কোচ শুভজিৎ দাস জানান, জেলার বহু প্রতিভাবান মহিলা ফুটবলার নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পান না। সেই অভাব দূর করতেই জেলার বিভিন্ন স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের নিয়ে এই একদিনের নকআউট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তাঁর দাবি, শুধু প্রতিযোগিতার সুযোগ করে দেওয়াই নয়, মহিলা ফুটবলের প্রসার ঘটানো এবং নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ তৈরি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। (Balurghat Women’s Football Tournament)
বিশ্বকাপ ফাইনালের দিনটিকেই বেছে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন শুভজিৎ দাস। তাঁর কথায়, রাতেই বিশ্বকাপের মহারণ শুরু হবে। তাই ফুটবল উৎসবের আবহকে আরও স্মরণীয় করে তুলতেই রবিবারের ছুটির দিনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে একদিকে যেমন দর্শকরা মাঠে বসে আকর্ষণীয় মহিলা ফুটবল উপভোগ করার সুযোগ পেয়েছেন, তেমনই জেলার মেয়েরা নিজেদের প্রতিভা তুলে ধরার একটি বড় মঞ্চও পেয়েছেন। উদ্যোক্তাদের আশা, এই ধরনের উদ্যোগ আগামী দিনে দক্ষিণ দিনাজপুরে মহিলা ফুটবলের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং আরও বেশি সংখ্যক তরুণী ফুটবলকে পেশা ও স্বপ্ন হিসেবে বেছে নিতে উৎসাহিত হবেন।









