নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে রণক্ষেত্র দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। এলাকায় তুমুল উত্তেজনা। পুলিশের গাড়িতে ভাঙচুর, ঘটনার প্রতিবাদে আগুন জ্বালিয়ে পথ অবরোধ। উত্তেজিত জনতার ছোড়া ইটে আহত হন এক পুলিশ কর্মী। বিক্ষোভ তুলতে মাইকে আবেদন পুলিশের। ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি স্থানীয়দের। হাসপাতালে নিয়ে যেতেই মৃত ঘোষণা। এই ঘটনায় পুলিশের জালে গ্রেফতার ১। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা নাবালিকার পরিবারের। মঙ্গলবার ভবানী ভবনে তাঁদের আসার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (baruipur News)।
রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকা থেকে এক ১২ বছর বয়সি নাবালিকার দেহ উদ্ধারকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয়। রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষোভ চলাকালীন স্থানীয় এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এলাকার মানুষজনের একাংশের অভিযোগ, নিহতকে সন্দেহভাজনদের সঙ্গে ঘুরতে দেখা গিয়েছে। তিনিও সন্দেহভাজন বলে দাবি কারও কারও। এই অবস্থায় ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। মোতায়েন হয় বিশাল বাহিনী (baruipur News)। নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
আইজি কঙ্করপ্রসাদ বলেন, ‘‘আমরা গোটা বিষয়টা খতিয়ে দেখছি। আমরা কথা দিচ্ছি যে এই কাজটা যে করেছে, তার যেন শাস্তি হয়, সেটা আমরা দেখছি। আমাদের তরফ থেকে যতটা করার ততটা আমরা করবো। তদন্ত চলছে। যারা যারা এই ঘটনায় যুক্ত আমরা সকলেই ধরবো।’’
অন্যদিকে, মৃত নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তাঁকে ভবানীভবনে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। জনসমক্ষে এমনটাই জানান মৃত নাবালিকার বাবা।
উল্লেখ্য, রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকা থেকে এক ১২ বছর বয়সি নাবালিকার দেহ উদ্ধার হয়। জানা যায়, ওই নাবালিকা শনিবার বিকেল ৪টে নাগাদ বাড়ি থেকে বের হয়। পরিবারের দাবি, জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য উপহার কিনতে বাড়ি থেকে বের হয়েছিল। তারপর সন্ধে গড়িয়ে রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। রবিবার সকালে বাড়ি থেকেই কিছুটা দূরে একটা পুকুর থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। সন্দেহের বশে এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তকে হাতেনাতে ধরার পর মারধর শুরু করে আম জনতা। মারধরের চোটে মৃত্যু হয় ওই অভিযুক্তর। খবর পেয়েই সেখানেও যায় পুলিশের বিশাল বাহিনী।











2 thoughts on “বারুইপুরে ‘ধর্ষণ’ ও ‘খুনে’ গ্রেফতার ১, নাবালিকার পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর”