দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার ৯ মে বাংলায় নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। ঐতিহাসিক ব্রিগেড ময়দানেই হবে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানকে ঘিরে শহরজুড়ে সাজসাজ রব। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কর্মীরা।
ব্রিগেড ময়দান থেকে রেড রোড, ধর্মতলা, পার্ক স্ট্রিট— গোটা এলাকা জুড়ে চলছে জোরকদমে চলছে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি। এলাকাজুড়ে প্রায় ৭০০টি মাইক লাগানোর কাজ শুরু হয়েছে। ধর্মতলা বাসস্ট্যান্ড পর্যন্ত মাইকের ব্যবস্থা করা হচ্ছে, যাতে ব্রিগেড ময়দান থেকে শপথ অনুষ্ঠানের আওয়াজ ধর্মতলা চত্বর পর্যন্ত পৌঁছে যায়। শহরের বিভিন্ন উঁচু ল্যাম্পপোস্টে চোঙা বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন ইলেকট্রিক কর্মীরা। (Brigade CM Oath Taking)
আগামীকাল ২৫ বৈশাখ সকাল ১১টা নাগাদ ব্রিগেড ময়দানে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের। ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছেন অমিত শাহ। আজ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। আগামীকাল আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, বিজেপি শাসিত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
তবে গতকালের প্রবল বৃষ্টিতে ব্রিগেডের মাঠের অবস্থা বেশ খারাপ। চারদিকে কাদা ও জল জমে আছে। সেই কারণে প্রধান রাস্তা থেকে প্যারেড গ্রাউন্ড এবং মূল মঞ্চ পর্যন্ত যাওয়ার জন্য কংক্রিটের ইট ও বালি ফেলে অস্থায়ী রাস্তা তৈরি করা হচ্ছে। সাধারণ মানুষের জন্যও তৈরি করা হচ্ছে অস্থায়ী পথ। (Brigade CM Oath Taking)
এদিকে মাঠে জমে থাকা জল ও কাদা পরিষ্কারের কাজ চলছে জেসিবির মাধ্যমে। পুরো এলাকা নজরদারিতে রেখেছে কলকাতা পুলিশ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো হেভিওয়েটরা উপস্থিত থাকবেন। নিরাপত্তার দায়িত্বে থাকবে এসপিজিও।
ইতিমধ্যেই মাঠে ঢোকা ও বেরোনোর জন্য তৈরি করা একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সন্ধ্যার পর থেকেই ব্রিগেড সংলগ্ন একাধিক রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে এখন শুধুমাত্র যাঁরা কাজ করছেন এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তাঁদেরই মাঠে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কোথা দিয়ে অতিথিরা ঢুকবেন, কোথায় বিধায়কদের বসার ব্যবস্থা হবে, কীভাবে শপথ গ্রহণ হবে— সব কিছুই শেষ মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সব মিলিয়ে ঐতিহাসিক এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এখন চূড়ান্ত প্রস্তুতির আবহ গোটা শহরজুড়ে। (Brigade CM Oath Taking)









