মালদায় BSF ক্যাম্পে গুলি কাণ্ডে জওয়ান শিবম কুমার মিশ্রকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গুলি কাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ধৃত ওই BSF জওয়ানকে আজ তোলা হয় মালদা জেলা আদালতে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেপাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ (BSF jawan arrested)।
BSF jawan arrested: কী ঘটেছিল?
বৃহস্পতিবার দুপুরে ঘটনার সূত্রপাত। মালদার বৈষ্ণবনগরের ১৭ মাইল এলাকায় BSF সেক্টর হেডকোয়ার্টারে হঠাৎই গুলি চলে। এই গুলিতে মৃত্যু হয় ৭১ নম্বর ব্যাটেলিয়ানের ২ জন জওয়ানের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় BSF ক্যাম্প চত্বরে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান একজন। হুগলির পোলবার বাসিন্দা বিকাশ ব্রহ্ম। মালদা মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, বিকাশের শরীর থেকে গুলি বের করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বিকাশের দাবি, ঘটনার দিন তিনি গুলির শব্দ শুনে ছুটে যান। ছুটে যেতেই তাঁরও গুলি লাগে বলে জানান তিনি। ঘটনার পরই অভিযুক্ত জওয়ান শিবম কুমার মিশ্রকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শিবম কুমার মিশ্র ১১৯ নম্বর ব্যাটেলিয়ানের সদস্য (BSF jawan arrested)।
সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের তদন্তকারী অফিসাররা। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হতাশাজনিত কারণে এই খুনের ঘটনা। যদিও খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।
এই ঘটনায় এখনও অনেক প্রশ্নই অধরা। তবে কি তাঁদের মধ্যে কোনও বিবাদ হয়েছিল? নাকি অন্য কোনও কারণ? কেনই বা কোনও কারণ ছাড়া গুলি চালাবেন BSF জওয়ান শিবম কুমার মিশ্র? তদন্তকারীরা এইসব প্রশ্নেরই উত্তর খুঁজে বেরাচ্ছেন।












1 thought on “মালদার ক্যাম্পে গুলি কাণ্ডে ধৃত BSF জওয়ান, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র”