রইল না বাধা। এবার সরকারি হাসপাতালগুলিতে রোগীদের জন্য উন্নতমানের খাবার চালু করার ক্ষেত্রে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। রাজ্যের সরকারি হাসপাতালের নতুন ডায়েট চার্ট ও খাবার বরাদ্দ বৃদ্ধি সংক্রান্ত মামলার ওপর দেওয়া একক বেঞ্চের স্থগিতাদেশ খারিজ করে দিল হইকোর্ট। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। রোগীদের জন্য নতুন ও উন্নত মানের খাদ্যতালিকা কার্যকর করতে আর কোনো আইনি বাধা রইল না (Calcutta High Court)।
হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী অদিত্য মণ্ডল বলেন, “বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশে রাজ্য সরকারের নতুন ডায়েট চার্ট ২০ আগস্ট পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করে। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ বাতিল করেছে এবং আজ থেকেই নতুন ডায়েট চার্ট কার্যকর থাকবে। সেই অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে নতুন বরাদ্দ অনুযায়ী রোগীদের খাবার সরবরাহ করা হবে।”
তিনি আরও বলেন, “এই মামলা চলবে। বিচারপতি কৃষ্ণ রাও স্থগিতাদেশ দিয়েছিলেন। সেটাই খারিজ করে দেওয়া হয়েছে। আগামী ১০ অগস্ট এর পরবর্তী শুনানি।”
Calcutta High Court: মামলার প্রেক্ষাপট
রাজ্য সরকার সম্প্রতি সরকারি হাসপাতালগুলিতে রোগীদের জন্য খাবারের মান উন্নত করার সিদ্ধান্ত নিয়ে মাথাপিছু খাবারের বরাদ্দ ৫৭ টাকা থেকে বাড়িয়ে ১১২ টাকা করার ঘোষণা করে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এক সরবরাহকারী হাই কোর্টে মামলা করেন। তাঁর দাবি ছিল, মাথাপিছু খাবারের বরাদ্দ সংক্রান্ত বিষয়টি ইতিমধ্যেই বিচারাধীন থাকায় নতুন করে মূল্য নির্ধারণ করা যায় না। সেই সময় টেন্ডার প্রক্রিয়ায় আইনি জটিলতা দেখিয়ে বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ গত শুক্রবার নতুন ডায়েট চার্টের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন। এরপর রাজ্য সরকার সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করে।
আজ ছিল সেই মামলার শুনানি। শুনানির সময় বিচারপতি শম্পা সরকার মূল্যসূচক বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে প্রশ্ন তোলেন, মূল্যবৃদ্ধির বাস্তব পরিস্থিতিতে যদি সরকার নতুন সিদ্ধান্তই কার্যকর করতে না পারে, তবে প্রশাসনিক কাজ কীভাবে চলবে। এরপরই সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ বাতিল করে দেয় ডিভিশন বেঞ্চ। এই রায়ের ফলে ১ আগস্ট থেকে ঘোষিত নতুন নিয়ম ও বর্ধিত বরাদ্দে রোগীদের খাবার সরবরাহ করতে আর কোনো বাধা রইল না।








