বারুইপুরে ভুয়ো চিকিৎসক চক্রের তদন্তে নতুন মোড়। তিন ভুয়ো চিকিৎসককে গ্রেফতারের পর এবার তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলর ও এক নেতাকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস দেবরায়, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ দত্ত এবং বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের ঘনিষ্ঠ বলে পরিচিত নেলো। এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।(Fake Doctor Racket)
তিন ভুয়ো চিকিৎসকের সূত্র ধরে তদন্ত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বারুইপুরের দুর্গাপুর, কুন্দরালি ও বেলেগাছি এলাকা থেকে তপন কুমার বৈরাগী, বাসুদেব নস্কর এবং আশিস কুমার বড়ালকে গ্রেফতার করা হয়। অভিযোগ, বৈধ চিকিৎসা সংক্রান্ত ডিগ্রি না থাকা সত্ত্বেও তাঁরা চিকিৎসা করতেন। এমনকী টাকার বিনিময়ে বিভিন্ন মেডিক্যাল সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি মৃতদের নামে মৃত্যুর শংসাপত্র দেওয়ার অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে। (Fake Doctor Racket) তদন্তে ধৃতদের সূত্র ধরে কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি ও নেতার নাম সামনে আসে বলে অভিযোগ। বিভিন্ন ক্ষেত্রে মানুষকে ওই চিকিৎসকদের কাছে পাঠানোর অভিযোগ ওঠে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। সেই সূত্র ধরেই দুই কাউন্সিলর ও এক নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। (Fake Doctor Racket)
কীর্তনখোলা শ্মশান নিয়ে দুর্নীতির অভিযোগ
অন্যদিকে, বারুইপুরের কীর্তনখোলা শ্মশানে দুর্নীতির অভিযোগও সামনে এনেছে বিজেপি। দলের অভিযোগ, ভুয়ো চিকিৎসকদের দেওয়া মৃত্যুর শংসাপত্রের ভিত্তিতে কয়েক বছর ধরে শ্মশানে মৃতদেহ দাহ করা হচ্ছিল। এমনকী, যেসব মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা, সেগুলিকেও স্বাভাবিক মৃত্যুর ঘটনা দেখিয়ে দাহ করার অভিযোগ উঠেছে। এই কাজে আর্থিক লেনদেন এবং গোপন আঁতাতের অভিযোগও তুলেছে বিজেপি। (Fake Doctor Racket)
আরও গ্রেফতারির দাবি বিজেপির
বারুইপুর পশ্চিমের ১ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি তথা আইনজীবী গৌতম চক্রবর্তী দাবি করেন, এই ঘটনায় আরও কয়েকজন কাউন্সিলরের নাম সামনে আসতে পারে। তাঁর বক্তব্য, দুর্নীতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শুভেন্দু অধিকারীর নজরদারিতে বিষয়টি দেখা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে বিজেপির তোলা অভিযোগগুলির সত্যতা তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়া এখনও বাকি। (Fake Doctor Racket)












1 thought on “বারুইপুরে ভুয়ো চিকিৎসক চক্রের তদন্তে নতুন মোড়, গ্রেফতার দুই তৃণমূল কাউন্সিলর”
Comments are closed.