লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইফ পদে বড় রদবদল করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলো কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghosh Dastidar)। তাঁর জায়গায় ফের দায়িত্ব পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দলীয় সাংসদদের বৈঠকেই এই সিদ্ধান্তের কথা জানান মমতা। আর পদ হারিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন বারাসতের সাংসদ কাকলি।
এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, গত বছর অগস্টে কল্যাণ হঠাৎই এই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তখন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে প্রকাশ্যে তাঁর দ্বন্দ্ব চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন তাঁর ইস্তফা গ্রহণ করে নেন এবং কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghosh Dastidar) ওই পদে নিয়োগ করেন। এর আগে কাকলি দীর্ঘ দিন ধরে লোকসভায় তৃণমূলের উপদলনেতা পদে ছিলেন। কিন্তু বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কঠিন হওয়ায় দল আবার কল্যাণের উপরই ভরসা রাখতে চাইছে। তাই এই আচমকা পালাবদল।
তবে লোকসভায় দলের নেতা হিসেবে এখনও দায়িত্বে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ডেপুটি লিডার পদেও বহাল থাকলেন শতাব্দী রায়। কিন্তু চিফ হুইফের পদ হারাতে হলো কাকলি ঘোষ দস্তিদারকে।
এদিকে পদ খুইয়ে অভিমানি কাকলি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন, “৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু। ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরষ্কৃত হলাম।” তাঁর এই পোস্টটি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই তৃণমূলের অন্দরের নানান সমস্যার কথা সামনে আসছিল। এবার লোকসভায় নিজের পদ খুইয়ে ক্ষোভ উগরে দিলেন কাকলি ঘোষ দস্তিদারও (Kakoli Ghosh Dastidar)।

যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এটা শুধুই সাংগঠনিক বদল নয়, এর মধ্যে রয়েছে স্পষ্ট রাজনৈতিক বার্তা। গত কয়েক মাসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অন্যতম আক্রমণাত্মক রাজনৈতিক ও আইনি মুখ হয়ে উঠেছেন। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েনের সময় আদালতে লড়াই হোক বা বিরোধীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ— সব ক্ষেত্রেই তাঁকে সামনের সারিতে দেখা গিয়েছে।
তবে ঘাসফুল শিবির এখনও আনুষ্ঠানিকভাবে এই বদলের কোনও নির্দিষ্ট কারণ জানায়নি। কিন্তু একাধিক সাংসদের মতে আদালতে কল্যাণের সক্রিয় ভূমিকাই তাঁকে ফের এই দায়িত্বে ফেরানোর পিছনে বড় কারণ। বৈঠকের পর দলের এক প্রবীণ সাংসদ বলেন, “কঠিন সময়ে যারা লড়াই করে, নেতৃত্ব তাদেরই মূল্য দেয়।”
Defence Factory: ভারতের সামরিক শক্তিতে বড় পদক্ষেপ, শিরডিতে উদ্বোধন ডিফেন্স কারখানার












1 thought on “Kakoli Ghosh Dastidar: লোকসভায় চিফ হুইফ পদে রদবদল তৃণমূলের, পদ হারাতেই ক্ষোভ কাকলির”