কাটমানি না দেওয়ায় গৃহবধূকে মারধর ও তাঁর চুল কেটে নেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ডের নিশ্চিতপুর এলাকায়। এই ঘটনায় এলাকার রাজনৈতিক মহলেও জোর জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগে, নিশ্চিতপুরের পূর্বপাড়ার বাসিন্দা সাহাজান গাজি পেশায় একজন গাড়িচালক। নিজের পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণের উদ্দেশ্যে তিনি দুই কাঠা জমি কিনেছিলেন। সম্প্রতি সেই জমিতে বাড়ি তৈরির কাজ শুরু করতে গেলে তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা কাটমানি দাবি করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির প্রাক্তন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের স্বামী নজরুল আলি মণ্ডলের ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল অনুগামীর দিকে। (Narendrapur Cut Money Assault)
পরিবারের দাবি, শাহাজাহান গাজি ওই টাকা দিতে অস্বীকার করায় প্রথম থেকেই তাঁকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি মারধরের ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়ায়। অভিযোগ, আদালতের পক্ষ থেকে নোটিশ আসার পর ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা শাহাজাহান গাজির বাড়িতে যায়। কিন্তু শাহাজাহানকে না পেয়ে তাঁর স্ত্রীকে বাড়ি থেকে টেনে বাইরে বের করে প্রকাশ্যে মারধর করা হয়। শুধু তাই নয়, তাঁর মাথার চুল কেটে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে জিভ কেটে নেওয়া হবে বলেও হুমকি দেয় দুষ্কৃতীরা।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বাড়ি নির্মাণ বা অন্যান্য কাজের ক্ষেত্রে তৃণমূলের কিছু অনুগামীরা কাটমানি দাবি করে। আর টাকা না দিলেই চলে হুমকি, মারধর। (Narendrapur Cut Money Assault)
ঘটনার পর নির্যাতিতা ও তাঁর পরিবারের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনা প্রসঙ্গে সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর বলেন, এই ঘটনার বিরুদ্ধে শীঘ্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের গ্রেফতারও করা হবে। কোনও অপরাধকে আর বাড়তে দেওয়া হবে না।
তবে এই অভিযোগের বিষয়ে প্রাক্তন বিধায়ক ফিরদৌসী বেগম, তাঁর স্বামী নজরুল আলি মণ্ডল বা অভিযুক্তদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের তদন্তে কী তথ্য সামনে আসে, সেদিকেই এখন নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের। (Narendrapur Cut Money Assault)










