ভোট গণনার দিনে হুগলির চুঁচুড়ার পিপুলপাতির মোড়ে হঠাৎই এক ভিন্ন দৃশ্য দেখা গেল। সকাল থেকে গণনার যে চিত্র মিলছে তাতে বোঝাই যাচ্ছে এবার বঙ্গে পদ্ম শিবিরের জয়জয়কার। এই পরিস্থিতে বিভিন্ন জায়গায় তৃণমূল এবং বিজেপি কর্মীদের সংঘর্ষের খবর মিলছে। তবে ব্যতিক্রমী ছবি হুগলিতে।
এদিন হুগলির চুঁচুড়ার পিপুলপাতির মোড়ে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) পৌঁছনোর সঙ্গে সঙ্গেই কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থক গেরুয়া আবির মেখে দলের জয়ের উদযাপন করছিলেন। সেই সময় তাঁরা রচনাকে গাড়ি থেকে নেমে আসার অনুরোধ করেন।
অনুরোধ রাখেন সাংসদ। গাড়ি থেকে নেমে এসে বিজেপি কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। শুধু তাই নয়, তাঁদের সঙ্গে সেলফিও তোলেন। এই সময় তাঁর মাথায় গেরুয়া আবিরও লাগিয়ে দেওয়া হয়।
রচনার এই ব্যবহার দেখে খুশি হন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের মধ্যে কয়েকজন “জয় শ্রী রাম” ধ্বনি দিতে শুরু করেন। তবে সেই ধ্বনি না দিতে বলা হয়। সাংসদকে ধন্যবাদ জানান তাঁরা। পাল্টা রচনা একসঙ্গে মিলেমিশে কাজ করার বার্তা দেন এবং প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগ করার কথাও বলেন।
এই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) বলেন, “আমি এখানকার সাংসদ, সবার সঙ্গে কথা বলতেই পারি। সবাই মানুষ, তাই ছবি তুলতে আপত্তি নেই।” জয় শ্রী রাম ধ্বনি নিয়ে তিনি বলেন, “রাম তো আমাদের ভগবান, আমরা পুজো করি। আমরা জয় বাংলা বলি, আমাদের ১৪ কোটি দেবতা।”
এদিকে এখনও পর্যন্ত গণনার পরিসংখ্যান যা বলছে তাতে প্রায় স্পষ্ট, এবার রাজ্যে সরকার গঠনের পথে এগোচ্ছে বিজেপি। চারিদিকে গেরুয়া ঝড়। এরই মধ্যে তৃণমূল সাংসদের এই আচরণে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে।










1 thought on “Rachana Banerjee: গেরুয়া আবির মেখে বিজেপি কর্মীদের সঙ্গে সেলফি রচনার, সৌজন্যের বার্তা সাংসদের”