ভোটার তালিকায় নাম না ওঠাকে কেন্দ্র করে এক মহিলা BLO কর্মীকে লাগাতার ফোন করে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সমীর বিশ্বাস ওরফে রাজু। আজ তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। (BJP Worker Arrest loo)
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোনারপুর এলাকার ওই মহিলা BLO কর্মীর কাছে ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে যোগাযোগ করেন অভিযুক্ত। অভিযোগ, নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী কাজ চললেও বারবার ফোন করে চাপ সৃষ্টি করতে থাকেন সমীর। শুধু তাই নয়, ফোনে আপত্তিকর মন্তব্য করারও অভিযোগ ওঠে এসেছে তাঁর বিরুদ্ধে।BLO বারবার ওই ফোনকল এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় অভিযুক্তের নম্বর ব্লক করে দেন তিনি। অভিযোগ, এরপরই অন্য নম্বর থেকে হুমকি দিয়ে বার্তা পাঠানো শুরু হয়। এমনকী তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। (BJP Worker Arrest)
জানা গিয়েছে, ওই মহিলা তাঁর মেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকতেন। ফলে ধারাবাহিক হুমকির জেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন। শেষপর্যন্ত মঙ্গলবার রাতে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি এবং অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নামে পুলিশ। ফোন নম্বরের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া, অশালীন আচরণ এবং মহিলাকে মানসিকভাবে হেনস্থা করার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। (BJP Worker Arrest)
ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। ভোটের আগে প্রশাসনিক দায়িত্বে থাকা কর্মীদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু কোনও সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মীকে এভাবে হেনস্থা করার অভিযোগ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।












1 thought on “BJP Worker Arrest: ভোটার তালিকার নাম করে BLO-কে ফোনে হেনস্থা, গ্রেফতার বিজেপি কর্মী”