আজ রাখিবন্ধন উৎসব। এই উৎসবে সামিল হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এদিন মহিলা পুলিশ কর্মীদের হাত থেকে রাখি পরলেন তিনি। একই সঙ্গে, তিনি নিজেও ভালোবাসার ও সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দেন এবং তাঁদের হাতে উপহার তুলে দেন। পাশাপাশি, শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে রাখি পরিয়ে দেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন (Rakhi Purnima)।
ছবির ক্যাপশনে মন্ত্রী লেখেন, ‘রাখীবন্ধনের পবিত্র বন্ধনে আজ আমার প্রিয় দাদা শুভেন্দু অধিকারীর হাতে রাখি পরিয়ে দিতে পেরে অত্যন্ত ভালো লাগল। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পথচলায় দাদার স্নেহ, পরামর্শ ও দিকনির্দেশনা আমার কাছে সবসময়ই বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের এই সুন্দর সম্পর্ক ও ভালোবাসার বন্ধন চিরকাল অটুট থাকুক।’
Rakhi Purnima: ফুটপাথবাসীর হাতে রাখি বাঁধলেন অগ্নিমিত্রা
এই তো দিন কয়েক আগের কথা। ফুটপাথের দুধ গরম নিয়ে প্রতিবাদ করায় বিতর্কে জড়িয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় বয়েছিল মন্ত্রীকে ঘিরে। এবার সেই তিনিই বোঝালেন অন্য কথা। শুক্রবার কলকাতার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষ ও ফুটপাথবাসীদের হাতে রাখি পরিয়ে দিলেন মন্ত্রী। পাশাপাশি দিলেন সামাজিক বার্তাও। কচি-কাচাদের হাতে তুলে দিলেন লাড্ডু ও চকোলেটের প্যাকেট (Rakhi Purnima)।
কলকাতায় কোথায় কী হচ্ছে, কার কী সমস্যা প্রায় প্রতিদিনই মন্ত্রী অগ্নিমিত্রা পাল শহরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে পরিদর্শন করেন। শুক্রবার সকালেও তেমনি তিনি বেরিয়ে পড়েন। রাখি উৎসব উপলক্ষে তিনি গড়িয়াহাট সংলগ্ন ফুটপাথবাসী, অটোচালক-সহ পথ চলতি বহু মানুষের হাতে রাখি পরান। শুধু তিনি রাখি পরান এমনটা কিন্তু নয়, মন্ত্রীকেও ভালোবেসে রাখি পরান তাঁরা।
ফুটপাথবাসীদের নিয়ে কী বললেন অগ্নিমিত্রা?
ফুটপাথ বিতর্কের ভিডিয়ো নিয়ে অগ্নিমিত্রা বলেন, “ফুটপাথে যাঁরা থাকেন তাঁদের বিরুদ্ধে আমরা নই। আমি শিখা দেবীর বিরুদ্ধেও নই। কিন্তু শিখা দেবী, পার্ক স্ট্রীটের মতো একটা ব্যস্ত রাস্তার পাশে, যেখানে শত শত স্কুলের পড়ুয়া থেকে শুরু করে পথ চলতি মানুষ যাতায়াত করে। সেখানে স্টোভে এক গামলা দুধ গরম করছিলেন। সেখানে ৬ মাসের বাচ্চা ফুটপাথে ঘোরাঘুরি করছে। তার ঠাকুমাও পাশে নেই। তার মাও পাশে নেই। আমি এইটার বিরোধিতা করেছি।”
অগ্নিমিত্রা আরও বলেন, “আমি আবারও বলছি, হয়তো আমি বলার সময় প্রচন্ড রেগে গিয়েছিলাম। আমি মন থেকে রাজনীতি করি। তাই ভেবে চিন্তে কথা বলিনি। সেটা বলাটা আমার অবশ্যই অন্যায় হয়তো হয়েছে। কিন্তু ফুটপাথে তো দুধ গরম করার জায়গা নয়। আমি যখন ওনাকে জিজ্ঞাসা করছি আপনি কোথায় থাকেন, উনি আমায় বলেন, আমি ধাপাতে থাকি। আবার অনেকে বলছেন আপনি মিথ্যে কথা বলছেন উনি ধাপাতে থাকেন না। উনি নিজেই আমায় বলেছেন। আমরা ওনার থাকার জন্য বন্দোবস্ত করে দিয়েছি। ওনাকে প্রথমে সরকারি আবাসনে রাখা হয়েছিল। উনি নিজে বললেন, উনি সেখানে থাকবেন না। এরপর ৪ দিন ঘুরে ঘুরে তাঁকে একটি বাড়ি দেওয়া হয়েছে। গতকাল রাতে উনি সেখানে থাকতে শুরু করেছেন। তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের সরকার যা কথা দেয়। তাই রাখে।”
লালবাজারে রাখি উৎসব
শুক্রবার সকালে লালবাজারে রাখি উৎসবের মাতলেন পুলিশ কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা এবং পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন একটি বিশেষ গাড়ির সূচনা করা হয়। সেই গাড়ি সারাদিন গোটা শহর কলকাতা ঘুরে বেড়াবে এবং গাড়ি থাকা পুলিশ আধিকারিকেরা, পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পরাবেন।
অভিষেকের অফিসে ঠিক কী হয়েছিল? জানালেন সিপি
এদিন অনুষ্ঠানের পর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অশান্তি নিয়ে মুখ খোলেন পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। তিনি বলেন, “কলকাতা পুলিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও, সামাজিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নাগরিকদেরও পুলিশের সঙ্গে সহযোগিতা করা উচিত। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে একটি বিল বোর্ড সরানোকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল তার জেরে ১৩ জনকে গ্রেফতার করা হয় এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ওই ঘটনার সময় সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। যার ফলে আটক ও এফআইআর দায়েরের পদক্ষেপ নেওয়া হয়। গোটা বিষয়টির তদন্ত চলছে। ঘটনায় তাদের ভূমিকা খতিয়ে দেখা হবে এবং তদন্ত শেষ হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”












1 thought on “পুলিশকর্মীরা রাখি পরালেন মুখ্যমন্ত্রীকে, ফুটপাথবাসীদের সঙ্গে উৎসবে অগ্নিমিত্রা”