একটা সাদামাটা ব্যাগে নিয়ে বাসে উঠেছিলেন এক শিক্ষক। শিক্ষকের ওই ব্যাগের উপর প্রথম থেকেই নজর রেখেছিলেন দুই মহিলা। তক্কে তক্কে ছিলেন। তারপর সুযোগ বুঝেই ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে দুই মহিলা ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (Haldia)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৈতন্যপুরের বাসিন্দা প্রবীণ শিক্ষক বাসে ব্রজলালচকে আসেন। সেখান থেকে কলকাতাগামী সরকারি বাসে ওঠেন তিনি। অভিযোগ, চৈতন্যপুর থেকেই ওই দুই মহিলা শিক্ষককে অনুসরণ করছিল। বাসে ওঠার ভিড়ের সুযোগে তাঁর কাছে থাকা ব্যাগ থেকে টাকা হাতিয়ে নেয়। টের পেয়েই চিৎকার করে ওঠেন ওই শিক্ষক। সঙ্গে বাস থেকে লাফ দিয়ে নামে ওই দুই মহিলা। তখনই স্থানীয় মানুষজন ছুটে এসে তাদের ধরে ফেলেন। তল্লাশি করতেই বেরিয়ে পড়ে ২ লক্ষ টাকার বান্ডিল (Haldia)।
ছিনতাই করে রাস্তা পেরিয়ে পালানোর চেষ্টা করছিল তারা। ব্রজলালচক মোড়ে ট্রাফিক পুলিশের সামনেই জনতার হাতে ধরা পড়ে যায়। খবর পেয়ে হলদিয়া ব্রজলালচক পুলিশ ক্যাম্পের কর্মীরা তাদের আটকে রাখে। পরে দুই মহিলাকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, বুধবার হলদিয়ার ব্রজলালচক মোড়ে ট্রাফিক পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। হলদিয়ার চৈতন্যপুরের বাসিন্দা প্রবীণ শিক্ষক নবকুমার খাঁড়া। প্রত্যেকবারের মতো এবারও তিনি সরকারি বাসে চেপে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেখানে তিনি তাঁর ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তাঁর ব্যাগে প্রায় ২ লক্ষ টাকা ছিল।
আরও পড়ুন :- মুম্বইয়ে মৌসুমীর তাণ্ডব! ২৪ ঘণ্টায় ৩০০ মিমি বৃষ্টি, জলে ভাসছে দাদর-আন্ধেরি, জারি লাল সতর্কতা
এই ঘটনার পর থেকেই আতঙ্কিত প্রবীণ শিক্ষক নবকুমার খাঁড়া। এই পরিস্থিতিতে একা বাইরে বেরনোর সাহস পাচ্ছেন না। তিনি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন।
এভাবে প্রকাশ্য দিনে মহিলা ছিনতাইকারীদের দাপট দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর ছড়াতেই ব্রজলালচক মোড়ে ব্যাপক ভিড় জমে যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।









