পুজোর মুখে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। আপাতত দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় শুষ্ক আবহাওয়া থাকলেও আগামীকাল বুধবার, ১৪ অক্টোবর থেকে আকাশের মুখ ভার হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। তার পরোক্ষ প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। তবে পুজোর আবহাওয়ায় এই নিম্নচাপের প্রভাব খুব বেশি পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
Weather Update: বুধবার থেকেই আবহাওয়ার বদল
মঙ্গলবার, ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক ছিল। তবে বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। যদিও বুধবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মূলত মেঘলা থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবারেও উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে।
কী পরিস্থিতি কলকাতায়?
কলকাতায় আপাতত পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়তে পারে। বুধবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।
কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ থেকে ৯৭ শতাংশ। (Weather Update)
গুজব ছড়ানোর অভিযোগে ৪ মামলা দিল্লি পুলিশের, সরানো হল ৫০০ পোস্ট
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, উত্তরবঙ্গে কেমন আবহাওয়া?
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মঙ্গলবারই নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে তৈরি হওয়ার পর নিম্নচাপটির অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে থাকতে পারে। ফলে বাংলায় এর সরাসরি প্রভাব খুব বেশি পড়ার আশঙ্কা নেই। উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি সকাল ও সন্ধ্যায় আবহাওয়া মনোরম থাকবে। তবে শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো উপরের দিকের জেলাগুলিতে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার থেকে ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে। সেই সঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা কমার ইঙ্গিতও রয়েছে।












1 thought on “পুজোর মুখে বদলাবে আবহাওয়া, বুধবার থেকে উপকূলে বৃষ্টির সম্ভাবনা”
Comments are closed.