ভোটের উত্তাপে ফুটছে বাংলা। আগামিকাল প্রথম দফার নির্বাচন (West Bengal Election 2026)। ভোটের লাইনে দাঁড়াবেন ১৫২টি কেন্দ্রের ভোটাররা। তার ২৪ ঘণ্টা আগে মালদার চাঁচলে নাকা চেকিংয়ের সময়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন চাঁচলের বিজেপি প্রার্থী (BJP Candidate) রতন দাসের ভাই বিপ্লব দাস। ভোটের আগে প্রচুর নগদ টাকা সহ গ্রেফতার করা হয়েছে তাঁকে।
মঙ্গলবার রাতে মালদার চাঁচল বিধানসভার বড়ই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ২ লক্ষ ৭৯ হাজার টাকা। তাঁর সঙ্গে থাকা নগদের পর্যাপ্ত কারণ দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
এই প্রথম নয়, কিছুদিন আগেই ডায়মন্ড হারবারে ((West Bengal Election 2026)। টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে আটক করা হয়। হটুগঞ্জে কেন্দ্রীয় বাহিনী পুলিশের নাকা চেকিংয়ের সময়ই সন্দেহ হয় বলে খবর। এই ঘটনায় আটক করা হয় মগরাহাট পশ্চিমের বিজেপির ইনচার্জ অরুণাভ মজুমদারকে। আটক করা হয় মগরাহাট পশ্চিমের বিজেপির আহ্বায়ক অক্ষয় চক্রবর্তীকেও। তল্লাশি চালাতেই গাড়ির সিটের নিচে ব্যাগে ৯ লক্ষ ৮৮ হাজার টাকা পাওয়া যায়। কুলপি থেকে কেন এত নগদ টাকা নিয়ে আসছিলেন বিজেপি নেতারা? কোনও সদুত্তর দিতে না পারায় টাকা-সহ আটক করা হয় বলে দাবি পুলিশ সূত্রে।
ভোটের আগে জোরদার চেকিং চলছে দিকে দিকে। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে প্রচুর টাকা উদ্ধার হচ্ছে। কয়েকদিন আগেই ভোটের মুখে নাকা চেকিংয়ে গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। যদিও এনিয়ে প্রার্থীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিজেপির একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। যদিও ওই টাকার উৎস নিয়ে উপযুক্ত তদন্তের দাবি তুলেছে তৃণমূল। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।











