---Advertisement---
lifezone nursing home

শীঘ্রই মার্কিন হামলা? ‘যেভাবে পারুন, দেশ ছাড়ুন’, ভারতীয়দের Iran ছাড়ার পরামর্শ

February 23, 2026 9:51 PM
---Advertisement---

যেকোনও সময়ে শুরু হয়ে যেতে পারে যুদ্ধ। মধ্যপ্রাচ্যে ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতির মধ্যে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিল ভারত সরকার। তেহরানের ভারতীয় দূতাবাস সোমবার এক সতর্কবার্তায় জানিয়েছে, ইরানে বসবাস করা সমস্ত ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের যত দ্রুত সম্ভব ইরান ত্যাগ করা উচিত। ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটক—সবাইয়ের ক্ষেত্রেই এই পরামর্শ প্রযোজ্য। (Iran)

দূতাবাসের বিবৃতিতে ১৪ জানুয়ারি ২০২৬-এ জারি করা আগের সতর্কবার্তাও পুনরায় উল্লেখ করা হয়েছে। তাতে পরামর্শ দেওয়া হয়েছে, ভারতীয়দের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে, বিক্ষোভ বা জমায়েতের এলাকা থেকে দূরে থাকতে এবং স্থানীয় সংবাদমাধ্যমে নিয়মিত নজর রাখতে। পাশাপাশি, দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং পাসপোর্ট-সহ সমস্ত ভ্রমণ ও পরিচয়পত্র হাতের কাছে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একাধিক হেল্পলাইন নম্বর ও ই-মেলও দেওয়া হয়েছে। ইরানে থাকা ভারতীয়দের দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

এই সতর্কবার্তার পটভূমিতে রয়েছে ইরানে নতুন করে ছড়িয়ে পড়া সরকার-বিরোধী আন্দোলন। জানুয়ারিতে নিহতদের স্মরণসভাকে কেন্দ্র করে শনিবার থেকে ফের ঘনিয়ে উঠেছে প্রতিবাদের মেঘ। রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানের একাধিক বিশ্ববিদ্যালয় এবং মাশহাদের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররা প্রতিবাদে সামিল হয়। আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি-র প্রকাশিত একটি ভিডিয়োতে শরিফ বিশ্ববিদ্যালয়-এ বিপুল জনতার সমাবেশ এবং সরকার-বিরোধী স্লোগান শোনা গিয়েছে। (Iran)

এদিকে, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী দফার বৈঠক জেনেভায় হওয়ার কথা। ওমানের বিদেশমন্ত্রী বদর আল-বুসাইদি সেই বৈঠকের কথা নিশ্চিত করেছেন। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের দিকে সামরিক বিমান ও সরঞ্জাম সাজাতে শুরু করেছে বলে আন্তর্জাতিক সূত্রে খবর, যা পরিস্থিতিকে আরও উদ্বেগের করে তুলেছে। (Iran)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment