ফুটবল টুর্নামেন্ট খেলতে যাওয়ার পথেই বন্দুকের নলের মুখে পড়তে হলো ফুটবলারদের। পাকিস্তানের করাচি থেকে কোয়েটা যাওয়ার পথে মাঝরাস্তায় একটি ফুটবল দলের বাস আটকে লুটপাট চালাল সশস্ত্র দুষ্কৃতীরা। খেলোয়াড়দের কাছ থেকে কেড়ে নেওয়া হলো মোবাইল ফোন, নগদ টাকা-সহ যাবতীয় মূল্যবান সামগ্রী। এমনকি কয়েক জন যাত্রীকে মারধরও করা হয় বলে অভিযোগ। সোমবার সন্ধ্যায় বালুচিস্তান প্রদেশের একটি হাইওয়েতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
Karachi Football Team Robbed: কীভাবে ঘটল এই লুটপাট?
জানা গিয়েছে, করাচির ডিস্ট্রিক্ট ওয়েস্টের ফুটবল দলটি মুখ্যমন্ত্রীর গোল্ড কাপ টুর্নামেন্টে অংশ নিতে বাসে করে কোয়েটার উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝপথে মাস্তুং ও সারিয়াবের মধ্যবর্তী হাইওয়েতে প্রায় ১২ জন আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী তাদের বাস আটকায়। এরপর বাসের সমস্ত যাত্রীকে নীচে নামতে বাধ্য করে তারা। খেলোয়াড়দের মোবাইল ফোন, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র কেড়ে নেওয়া হয়।
দলের ম্যানেজার জুলফিকার আলি ভুট্টো জানিয়েছেন, লুটপাটের সময় কয়েক জন যাত্রীকে অস্ত্র দিয়ে আঘাতও করা হয়। ফলে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার আগেই আতঙ্কের মধ্যে পড়েন ফুটবলাররা।
টাকা না থাকায় সাহায্য করলেন ক্রীড়ামন্ত্রী
সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটার পর কোনওরকমে কোয়েটায় পৌঁছয় দলটি। সেখানে গিয়ে বালুচিস্তানের ক্রীড়ামন্ত্রীকে গোটা বিষয়টি জানান খেলোয়াড়রা। লুটপাটের জেরে তাঁদের কাছে আর কোনও টাকাও আর ছিল না। পরিস্থিতি বুঝে দ্রুত পদক্ষেপ করেন মন্ত্রী। ফুটবলারদের থাকা-খাওয়া ও অন্যান্য প্রয়োজন মেটাতে তাঁদের দৈনিক ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়।
অন্যদিকে, সিন্ধ ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব মহম্মদ আজম জানিয়েছেন, নিরাপত্তার কথা মাথায় রেখে আগেই সতর্ক করা হয়েছিল। তাঁর দাবি, করাচির কোনও দলকেই বাস বা ট্রেনে করে কোয়েটা যেতে নিষেধ করা হয়েছিল। এমনকি সিন্ধের সরকারি দলকেও এই প্রতিযোগিতায় পাঠানো হয়নি। পঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া ফুটবল অ্যাসোসিয়েশনও তাদের দল পাঠায়নি বলে জানিয়েছেন তিনি।
লক্ষাধিক টাকার ব্যাট চুরি, যোগী নাকি মোদি কার কাছে নালিশ করবেন দীপক চাহার?
বালোচিস্তানের হাইওয়েতে বাড়ছে নিরাপত্তার উদ্বেগ
আজমের বক্তব্য, সতর্কবার্তা সত্ত্বেও করাচি ডিস্ট্রিক্ট ওয়েস্টের দলটি কোয়েটার উদ্দেশে রওনা দিয়েছিল। আর শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই মহা বিপদের মুখে পড়তে হলো তাদের। (Karachi Football Team Robbed)
উল্লেখ্য, মাস্তুং থেকে কোয়েটা যাওয়ার এই হাইওয়েতে দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠীগুলির হামলা ও যাত্রীদের লুটপাটের ঘটনা ঘটছে বলে জানা গিয়েছে। কয়েক দিন আগেই ডেরা বুগতিতে দুই স্থানীয় ক্রিকেটারকে অপহরণের ঘটনা সামনে এসেছিল। পরপর এমন ঘটনায় বালুচিস্তানে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।













1 thought on “টুর্নামেন্ট খেলতে যাওয়ার পথে বিপত্তি পাকিস্তানে, বন্দুক দেখিয়ে পাক ফুটবলারদের সর্বস্ব লুট”
Comments are closed.