---Advertisement---

ট্রাম্পের ছবি-সহ নতুন ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ প্রকাশ, ইতিহাসে প্রথম কোনও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নজির

June 27, 2026 7:56 PM
---Advertisement---

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ স্মারক পাসপোর্টের নকশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৬ জুন) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ নতুন এই সীমিত সংস্করণের (লিমিটেড এডিশন) পাসপোর্টের ছবি প্রকাশ করেন তিনি। সেই পোস্টে ট্রাম্প লেখেন, “The U.S.A.’s New Passport, which says, ‘Welcome, but be good!’”। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। (Donald Trump New Patriot Passport)

প্রকাশিত নকশায় দেখা যাচ্ছে, পাসপোর্টের একটি পাতায় গম্ভীর মুখে ডেস্কে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ট্রাম্প। তাঁর স্বাক্ষরের পাশাপাশি পটভূমিতে রয়েছে ১৭৭৬ সালের ৪ জুলাই ঘোষিত মার্কিন স্বাধীনতার ঘোষণাপত্র (Declaration of Independence)-এর লেখা। জানা গিয়েছে, ছবিটি হোয়াইট হাউসের সরকারি আলোকচিত্রী ড্যানিয়েল টোরক (Daniel Torok)-এর তোলা একটি প্রতিকৃতির ভিত্তিতে তৈরি। অপর পাতায় রয়েছে ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ঐতিহাসিক দৃশ্যের একটি চিত্র এবং “United States of America 250” লেখা।

হোয়াইট হাউসও একই নকশা প্রকাশ করে সেটিকে “Patriot Passport” নামে উল্লেখ করেছে। যদিও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আগেই জানিয়েছিল, বিশেষ শিল্পনির্ভর এই স্মারক পাসপোর্ট ৬ জুলাই থেকে পাওয়া যাবে। তবে ট্রাম্পের ছবি-সহ সংস্করণ নিয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য করেনি দফতর। চলতি বছরের এপ্রিল মাসে স্টেট ডিপার্টমেন্টের এক আধিকারিক জানিয়েছিলেন, এই বিশেষ পাসপোর্ট শুধুমাত্র ওয়াশিংটন ডিসি-তে সরাসরি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে এবং স্টক থাকা পর্যন্ত দেওয়া হবে। (Donald Trump New Patriot Passport)

উল্লেখযোগ্য বিষয় হল, এই পাসপোর্ট চালু হলে ডোনাল্ড ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যার ছবি আমেরিকার সরকারি ভ্রমণ নথিতে থাকবে। সাম্প্রতিক সময়ে সরকারি প্রতিষ্ঠানে নিজের ছাপ আরও স্পষ্ট করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। বিভিন্ন সরকারি ভবনে তাঁর ব্যানার টাঙানো হয়েছে, ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে শীঘ্রই এক ডলারের নোটে তাঁর স্বাক্ষরও যুক্ত হবে। এছাড়াও জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এর সঙ্গে নিজের নাম জুড়েছিলেন ট্রাম্প। যদিও পরে আদালতের নির্দেশে সেই নাম সরিয়ে ফেলতে হয়। (Donald Trump New Patriot Passport)

আরও পড়ুন :-প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষার আগের দিনই স্থগিত মহারাষ্ট্র TET ২০২৬


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “ট্রাম্পের ছবি-সহ নতুন ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ প্রকাশ, ইতিহাসে প্রথম কোনও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নজির”

Leave a Comment