ভোটের আর মাত্র পাঁচ দিন বাকি। তার আগেই মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল, অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে পাল্টা আক্রমণে নেমেছে বিজেপি। ফলে ভোটের মুখে দুই দলের মধ্যে তরজা তুঙ্গে উঠেছে। (TMC-BJP Face Off)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকায় তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার ও পোস্টার লাগানো হয়েছিল। অভিযোগ, অন্ধকারে বিজেপি কর্মীরা ব্লেড দিয়ে সেই ব্যানার কেটে দিয়েছে এবং দলীয় পতাকাও খুলে নিয়েছে। ঘটনার পর থেকেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। (TMC-BJP Face Off)
এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পূজন দাস, জেলা তৃণমূল যুব সহ-সভাপতি বলেন, “আমাদের ব্যানার লাগানো ছিল। সেগুলো ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে এবং ঝান্ডা খুলে নেওয়া হয়েছে। এগুলো কিছু না, ওরা ভয় পেয়ে গেছে। প্রশাসনকে জানাব, ব্যবস্থা না নিলে আমরা টায়ার জ্বালিয়ে আন্দোলনে নামব।”
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। রুপেশ আগরওয়াল, জেলা বিজেপি সম্পাদক বলেন, “আমাদের কি খেয়ে দেয়ে কাজ নেই যে আমরা পোস্টার ছিঁড়ব? প্রমাণ দিতে হবে। আমরা মানুষের পাশে থেকে কাজ করছি। তৃণমূল ভয় পেয়ে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে। এর কোনও মানে হয় না।”
কয়েকদিন আগেই দলীয় প্রার্থীর সমর্থনে হরিশ্চন্দ্রপুরে সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষ্যেই এলাকায় এই ব্যানার ও পোস্টার লাগানো হয়েছিল। ভোটের ঠিক আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের পর্যবেক্ষকরা। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের পদক্ষেপের দিকে নজর রয়েছে সকলের। (TMC-BJP Face Off)











1 thought on “TMC-BJP Face Off: হরিশ্চন্দ্রপুরে অভিষেকের ছবি ছেঁড়া ঘিরে উত্তেজনা, মুখোমুখি তৃণমূল-বিজেপি”